Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত গোল আলমাদার, উরুগুয়েকে হারিয়ে মধুর প্রতিশোধ আর্জেন্তিনার

বক্সের বাঁপ্রান্তে এক ডিফেন্ডারকে কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন জুলিয়ান আলভারেজ। ততক্ষণে গোলের লক্ষ্যে বক্সের মাথায় পৌঁছে গিয়েছেন থিয়াগো আলমাদা।

দুরন্ত গোল আলমাদার, উরুগুয়েকে হারিয়ে মধুর প্রতিশোধ আর্জেন্তিনার
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উরুগুয়ে- ০                 :      আর্জেন্তিনা- ১  (আলমাদা)

Advertisement

মন্তেভিডিও: বক্সের বাঁপ্রান্তে এক ডিফেন্ডারকে কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন জুলিয়ান আলভারেজ। ততক্ষণে গোলের লক্ষ্যে বক্সের মাথায় পৌঁছে গিয়েছেন থিয়াগো আলমাদা। সময় নষ্ট না করেই তাঁকে ব্যাক পাস বাড়ালেন আলভারেজ। সেই বল ধরার মুহূর্তে একবার মাথা তুলে দেখে নিলেন প্রতিপক্ষ গোলরক্ষকের অবস্থান। তারপর বক্সের বাইরে থেকেই ডানপায়ের বাঁক খাওয়ানে শটে বল জালে জড়ালেন ২৩ বছরের আলমাদা। মেসি-ডিবালাদের অনুপস্থিতিতে তাঁর দুরন্ত গোলে বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে হারের মধুর প্রতিশোধ নিল আর্জেন্তিনা। শনিবার মন্তেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারাল তারা। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান ধরে রাখল লায়োনেল স্কালোনি-ব্রিগেড। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের (১৩ ম্যাচে ২২ পয়েন্ট) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে লা আলবিসেলেস্তেরা। আর ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে (১৩ ম্যাচে ২১ পয়েন্ট)। আগামী মঙ্গলবার বাছাই পর্বের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব ফুটবল আঙিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই মূলপর্বের টিকিট নিশ্চিত করে ফেলবে আর্জেন্তিনা।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম লেগে ঘরের মাঠে উরুগুয়ের কাছে ০-২ গোলে হারের তিক্ত স্বাদ পেয়েছিল আর্জেন্তিনা। তাই অ্যাওয়ে ম্যাচে প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন আলভারেজরা। তবে দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট কিছুটা হলেও কাজটা কঠিন করে তুলেছিল কোচ স্কালোনির। তা সত্ত্বেও টিম গেমে ভর করেই বিয়েলসার ছেলেদের টেক্কা দিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রক্ষণ জমাট রেখে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে আর্জেন্তিনা। প্রথমার্ধে অবশ্য প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ ম্যাক অ্যালিস্টার-এনজো ফার্নান্ডেজরা। তবে দ্বিতীয়ার্ধে আলমাদার গোল দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। সংযোজিত সময়ে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখায় শেষ কয়েক মিনিট ১০ জনে খেলে আর্জেন্তিনা। তাতেও জিতে মাঠ ছাড়তে সমস্যা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ