চণ্ডীগড়: শিরোমণি অকালি দলের প্রবীণ নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়াকে বুধবার গ্রেপ্তার করল ভিজিল্যান্স ব্যুরো। এদিন রাজ্যের ২৫টি জায়গায় ভিজিল্যান্সের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। এরমধ্যে ছিল মাজিথিয়ার বাড়িও। তবে কোন অভিযোগে এই গ্রেপ্তারি, তা জানানো হয়নি। যদিও মাজিথিয়ার স্ত্রী তথা অকালি দলের বিধায়ক গানিভি কাউর দাবি করেছেন, মঙ্গলবার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই গ্রেপ্তার করা হয়েছে মাজিথিয়াকে। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের শ্যালক মাজিথিয়া। তাঁকে এভাবে গ্রেপ্তারের জন্য রাজ্যের আপ সরকারের সমালোচনা করেছেন সুখবীর এবং তাঁর স্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরৎ কাউর। বুধবার তাঁর অমৃতসরের গ্রিন অ্যাভিনিউয়ের বাড়িতে তল্লাশি চালায় ভিজিল্যান্স আধিকারিকরা। গানিভি কাউর বলেন, তাঁদের চণ্ডীগড়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব। রাজ্যের মানুষ মাজিথিয়ার পাশে আছে। এদিন সকালে তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মাজিথিয়ার বাড়ির দিকে রওনা হন অকালি সমর্থকরা। বাড়ির বাইরে ব্যারিকেড করে দেয় পুলিস।



