সংবাদদাতা, উলুবেড়িয়া: কালীপুজোর দিন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিগৃহীতা সেই মহিলা ডাক্তার সোমবার কাজে যোগ দিয়েছেন। আর পাঁচটি সাধারণ দিনের মতো তিনি ইমার্জেন্সি এবং ওয়ার্ডে ডিউটি করেছেন। এদিন তিনি বলেন, মানসিকভাবে আতঙ্কে ছিলাম। এখন সেটা অনেকটাই কেটেছে। ওই ঘটনার পর সবাই পাশে থাকায় ভালো লাগছে।
এদিকে, ডাক্তারদের নিরাপত্তার দাবি মেনে ইতিমধ্যেই হাসপাতালে পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নির্দিষ্ট পোশাক পরে নিরাপত্তারক্ষীরা ডিউটি করছেন। যদিও এখনও ওয়ার্ডে রোগীদের আত্মীয়দের একসঙ্গে অনেকের যাওয়ার প্রবণতায় রাশ টানা যায়নি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী বুধবার থেকে ভিজিটিং কার্ড ছাড়া রোগীর পরিজনদের কাউকেই ওয়ার্ডে ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে কোলাপসিবল গেটে চেন দিয়ে তালা মারা হবে, যাতে একসঙ্গে বেশি সংখ্যক মানুষ ওয়ার্ডে প্রবেশ করতে না পারে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি শোকজের উত্তর দিলেও কয়েকটি ক্ষেত্রে তা সন্তোষজনক না হওয়ায় তাদের ফের শোকজ করা হয়েছে। অন্যদিকে, মহিলা ডাক্তারকে নিগ্রহের ঘটনায় ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।