বন্ধুত্বের কোনও বয়স হয় না। যেকোনও বয়সের মানুষই বন্ধু হতে পারে। তেমনই এক অসমবয়সি বন্ধুত্বের গল্পে অভিনয় করবেন অভিনেতা বনি সেনগুপ্ত। ছবির নাম ‘কেয়ার অব এ জার্নি’। পরিচালনার দায়িত্বে প্রতীক সরকার। মুখ্য চরিত্রে বনির সঙ্গে রয়েছে শিশুশিল্পী তৃষাণজিৎ চৌধুরী। চিত্রনাট্য অনুযায়ী, আট-দশ বছরের ছেলে পাটু। ঠাকুরমার সঙ্গে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে তার বাস। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। তবুও বাবাকে সে খোঁজার চেষ্টা করে। একদিন কাউকে না জানিয়ে পাটু পাড়ি দেয় শহরে। কিন্তু শহরে সে কাউকে চেনে না। হঠাৎ দেখা হয় বামার সঙ্গে। এই দুই চরিত্রের বয়সের পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।



