শুভদীপ রায়, কলকাতা: পূর্বপুরুষরা বাংলাদেশে ছিলেন। নিজেও বহুবার অনুষ্ঠান করতে গিয়েছেন। তবে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। অশান্ত বাংলাদেশ থেকে ফিরে এসে জানালেন কলকাতার সরোদ বাদক তথা উস্তাদ আলি আকবর খানের পৌত্র সিরাজ আলি খান।
শুভদীপ রায়, কলকাতা: পূর্বপুরুষরা বাংলাদেশে ছিলেন। নিজেও বহুবার অনুষ্ঠান করতে গিয়েছেন। তবে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। অশান্ত বাংলাদেশ থেকে ফিরে এসে জানালেন কলকাতার সরোদ বাদক তথা উস্তাদ আলি আকবর খানের পৌত্র সিরাজ আলি খান।
১৯ ডিসেম্বর ছায়ানটে অনুষ্ঠান করার কথা ছিল সরোদ বাদক সিরাজ আলি খানের। কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরেছেন তিনি। ফিরেছেন তাঁর সঙ্গীরাও। তবে অশান্ত বাংলাদেশে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তা ভুলতে পারছেন না সরোদবাদক। সেদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘১৬ ডিসেম্বর ঢাকা পৌঁছই। ১৭ তারিখ অনুষ্ঠান ছিল বনানি অঞ্চলে। খুব কম মানুষ এসেছিলেন অনুষ্ঠান দেখতে। বড়জোর ১৫-২০ জন।’ এই নিয়ে স্থানীয়দের কাছ প্রশ্ন করেন সিরাজ। জানতে পারেন রাজনৈতিক কারণে পরিস্থিতি স্বাভাবিক নেই। দু’দিন পর ছায়ানটে অনুষ্ঠান। ১৮ ডিসেম্বর স্থানীয় শিল্পীদের থেকে ছায়ানটে ঘটে যাওয়া তাণ্ডবের কথা জানতে পারেন সিরাজ। অনুষ্ঠান যে হবে না তা বুঝেই গিয়েছিলেন। আয়োজক কর্তৃপক্ষ পরে তাঁকে জানায়, ১৯-২১ সমস্ত অনুষ্ঠান বাতিল। কাজেই ভালোয় ভালোয় ভারতে ফিরে আসাই ছিল দস্তুর। কিন্তু দেশে ফেরার আগে তাঁকেও যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা বোঝেননি সিরাজ। নিজেই জানালেন, ‘সাধারণ নাগরিকের মতো খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম। আচমকা কয়েকজন পুলিশ এসে আমাকে চেক করে। এরকম নয় যে সবাইকে চেক করছিল। শুধু আমাকে দাঁড় করিয়ে চেকিং চলতে থাকে। হয়ত সন্দেহ করেছিল আমি স্থানীয় নই। ওরা দেখতে চাইছিল আমার কাছে কোনও বিদেশি মুদ্রা আছে কি না। আমার কাছে আধার কার্ড, ভোটার কার্ড থাকবে এটাই স্বাভাবিক। ভাগ্য ভালো আমার কাছে বাংলাদেশের টাকা ছিল। কোনও পরিচয়পত্র দেখাতে হয়নি।’ তবে চেকিং করেও রেহাই মেলেনি। জানতে চাওয়া হয় নাম। এতক্ষণে সিরাজ বুঝে গিয়েছিলেন, কী হতে চলেছে। তাই একপ্রকার জোর দিয়েই বলেন ‘আমার নাম সিরাজ আলি খান।’ শুনে পুলিশ আর কিছু বলেনি, এমনই দাবি সরোদবাদকের। তিনি আরও বলেন, ‘স্থানীয়দের কাছে পরে জানতে পারি মুসলিম, হিন্দু নয়, আসল ব্যাপার হল ভারতীয় কি না। ওরা মূলত ভারতীয়দের টার্গেট করছে।’ যদিও সুস্থ অবস্থাতেই দেশের ফিরেছেন সিরাজ ও তাঁর দুই সঙ্গী। দেশের ফিরেছেন তাঁর মা-ও। বারবার যে দেশে ভালোবেসে গিয়েছেন সেখানে এমন অভিজ্ঞতা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তাই সুস্থ থাকলেও, অশান্ত বাংলাদেশের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে আলাউদ্দিন খানের এই বংশধরকে।