নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার আন্দুল রোড সংলগ্ন দাসপাড়ায় রবিবার রাতে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। দু’দফায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন থানার পুলিস। ধৃতরা সকলেই মৃত যুবক শেখ সাহেবের (২৩) বন্ধুস্থানীয় বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই একই কারখানায় কাজ করতেন। সেখানে নিজেদের মধ্যে ঝামেলার কারণেই এই খুনের ঘটনা বলে জানিয়েছে পুলিস।
পুলিস ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আটটা নাগাদ ফোন করে নস্করপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সাহেবকে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দাসপাড়ায় গিয়ে পূর্বপরিচিত সেই চার যুবকের সঙ্গে দেখা করেন সাহেব। প্রত্যেকেই স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন বলে জানা গিয়েছে। কাজের জায়গায় একটি পুরনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা চলছিল তাঁদের মধ্যে। রবিবার রাতে সেই ঝামেলাই চরম আকার নেয়। পুলিস জানিয়েছে, আচমকা রাগের বশে এক যুবক নিজের হাতের ভারী লোহার বালা দিয়ে সাহেবের মাথার পিছনে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাহেব। স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেন। পুলিস এসে অচৈতন্য অবস্থায় সাহেবকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই থানা ঘেরাও করে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবিলম্বে তাঁরা দোষীদের ধরার দাবি জানান। যুবক খুনের ঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিস। সোমবার আদালতে তোলা হলে ধৃতদের ১০ দিনের পুলিসি হেফাজত হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিস।



