Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩১৪টি আন-এইডেড মাদ্রাসাকে স্বীকৃতি রাজ্যের

৩১৪টি আন-এইডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিল রাজ্য> গত ৬মার্চ ১৮টি জেলায় ৩১৪টি মাদ্রাসার নামের তালিকা এসেছে।

৩১৪টি আন-এইডেড মাদ্রাসাকে স্বীকৃতি রাজ্যের
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ৩১৪টি আন-এইডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিল রাজ্য। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে ১৮টি জেলার জেলাশাসককে চিঠি দিয়ে ওইসব মাদ্রাসার ইউডাইস কোড ইস্যু করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের পোর্টালে ওইসব প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করতে হবে। প্রত্যেক জেলায় সংখ্যালঘু বিষয়ক অফিসার এনিয়ে উদ্যোগী হয়েছেন। তাঁরা ইউডাইস কোর্ড ইস্যু করার জন্য মাদ্রাসার তালিকা জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে পাঠিয়েছেন। ওই দু’টি কাজ সম্পূর্ণ হওয়ার পরই স্বীকৃতি মাদ্রাসা নতুনরূপে পথচলা শুরু করবে।

Advertisement

গত ৬মার্চ ১৮টি জেলায় ৩১৪টি মাদ্রাসার নামের তালিকা এসেছে। আন-এইডেড ওইসব মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই তালিকায় আলিপুরদুয়ারের ১৭টি, কোচবিহারের ৩২টি, দক্ষিণ দিনাজপুরের একটি, হুগলির ন’টি, হাওড়ার ১২টি, জলপাইগুড়ির ১৬টি, মালদহের ৪০টি, মুর্শিদাবাদের ১৮টি, নদীয়ার ছ’টি, উত্তর ২৪পরগনার ২৫টি, পশ্চিম মেদিনীপুরের ১২টি, পূর্ব বর্ধমানের তিনটি, পূর্ব মেদিনীপুরের ১০টি, পুরুলিয়ার একটি, দক্ষিণ ২৪পরগনার ৪৩টি, উত্তর দিনাজপুরের ৬৯টি মাদ্রাসার নাম রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পূর্ব ভেকুটিয়া মাদ্রাসা, ভগবানপুর হাজি আব্বাসিয়া মাদ্রাসা, বারখোদা হাইমাদ্রাসা, গোপালনগর জামিয়া মাদ্রাসা, বাহারজোলা সুরতন্নেশা চুনীলাল জুনিয়র মাদ্রাসা, তাম্রলিপ্ত মর্ডান জুনিয়র হাই মাদ্রাসা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে আকন্দ সিনিয়র মাদ্রাসা, নিশ্চিন্তপুর সামসুদ্দিন জুনিয়র হাই মাদ্রাসা, বাজুয়াড়া ইসলামিয়া জুনিয়র হাইমাদ্রাসা প্রভৃতি রয়েছে।
২০১৩-’১৪সাল নাগাদ সরকারি স্বীকৃতির জন্য জেলায় জেলায় আন এইডেড মাদ্রাসার তালিকা রাজ্যে পাঠানো হয়েছিল। ওইসব মাদ্রাসায় স্বীকৃতি না থাকায় ছাত্রছাত্রী কম ছিল। আবার, অনেক জায়গায় প্রতিষ্ঠান থাকলেও ছাত্রছাত্রী ছিল না। কিছুক্ষেত্রে প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল না। কিন্তু, নামের তালিকা সুপারিশ করা হয়েছিল। করোনার সময় স্বীকৃতি না থাকা ওইসব মাদ্রাসার একচেটিয়া বন্ধ হয়ে যায়। এখন প্রচুর অন এইডেড মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরে ১০টির তালিকা এসেছে। তারমধ্যে পাঁচটির অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না সরকারি অফিসাররা। 
জানা গিয়েছে, ওইসব আন এইডের মাদ্রাসার সরকারি স্বীকৃতি পেলে সেখানে শিক্ষক নিয়োগ করা যাবে। ওইসব শিক্ষকরা মাসে ছ’ থেকে ১০হাজার টাকা পর্যন্ত সাম্মানিক পাবেন। পূর্ব মেদিনীপুরে ১০টি মাদ্রাসার তালিকা আসার পরই জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) অফিসে তার লিস্ট পাঠিয়ে দিয়েছেন জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসার বিপ্লব সরকার। মূলত ইউডাইস কোড ইস্যু এবং পোর্টালে মাদ্রাসার নাম এন্ট্রির জন্য ডিআই অফিসে পাঠানো হয়েছে। ওই কাজ সম্পন্ন হওয়ার পরই শিক্ষক ও পড়ুয়া জোগাড়ের কাজ শুরু হবে। সরকারি স্বীকৃতি নিয়ে পথচলা শুরু হবে ওইসব আন এইডেড মাদ্রাসার।

সম্পর্কিত সংবাদ