Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পেটলায় উঠোন খুঁড়ে ২৩৫ কেজি গাঁজা উদ্ধার

বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনহাটা থানার পুলিস বড়সড় সাফল্য পেল

পেটলায় উঠোন খুঁড়ে ২৩৫ কেজি গাঁজা উদ্ধার
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনহাটা থানার পুলিস বড়সড় সাফল্য পেল। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী মঙ্গলবার গভীর রাতে পেটলা গ্রাম পঞ্চায়েতের রাজাখোরা গ্রামের বাসিন্দা রাজীব বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করে ২৩৫ কেজি গাঁজা। অভিযানে ছিলেন কোর্ট ইন্সপেক্টর কর্মা শেরপা সহ দিনহাটা থানার আধিকারিকরা। 

Advertisement

ধৃত রাজীব বিশ্বাস সীমান্ত লাগোয়া এলাকায় মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে পুলিসের কাছে খবর আসে। তারপরেই অভিযুক্তের বাড়িতে রীতিমতো ছক কষে অভিযানে যায় পুলিস। ধৃত ব্যক্তি বাড়ির উঠোনে মাটি খুঁড়ে প্লাস্টিকে মুড়িয়ে গাঁজা রেখেছিল। তদন্তকারী পুলিস অফিসারদের দাবি, এই গাঁজা বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল অভিযুক্তের। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও ধীমান মিত্র। 
দিনহাটা-১ ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিস। কিছুদিন আগে গোসানিমারি-১ এর চকিয়ারপাড়ায় খোকন বর্মনের বাড়ি থেকে উদ্ধার হয় ৩৭৫ কেজি গাঁজা। ওই ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এরপর গোসানিমারি-২ এর টাকিমারি গ্রামে ১১২ কেজি গাঁজা উদ্ধার হয়। যদিও ওই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। এছাড়াও পেটলার আলোকঝাড়ি এলাকায় তাপস রায়ের বাড়ি থেকেও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিস। 
পুলিসের দাবি, পেটলা, গোসানিমারি, টাকিমারি এসব অঞ্চলে দীর্ঘদিন ধরেই গাঁজা চাষ ও পাচার চলছিল। সম্প্রতি পুলিসের নজরদারি এবং গোপন তথ্যের ভিত্তিতে একের পর এক সফল অভিযান হওয়ায় এই কারবার কিছুটা হলেও হ্রাস পেয়েছে। 
দিনহাটার এসডিপিও বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাঁজা উদ্ধার করেছি। মোট ২৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। রাজীব বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ