চেন্নাই: মিশরের বিশ্বখ্যাত ‘ভ্যালি অব কিংস’। পাথর কেটে বানানো ফ্যারাওদের সমাধিক্ষেত্র। আর সেই ফ্যারাওদের ভূমিতেই মিলল তামিল শিলালিপি। প্রায় দু’হাজার বছরের পুরানো সেই শিলালিপি খুলে দিয়েছে ইতিহাসের নয়া অধ্যায়। কারণ, দু’হাজার বছর আগেও যে ভারত ও মিশরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, তারই নির্দশন এই প্রস্তর-চিত্র। ইতিহাসের এই আকরের হদিশ পেয়েছেন সুইস গবেষক ইঙ্গো স্ট্রউচ।
‘ভ্যালি অব কিংস’-এ ফ্যারাওদের এই সমাধিগুলি ১৬০০ খ্রিস্ট পূর্বাব্দের। সেখানেই একাধিক প্রস্তরলিপির ‘রহস্য’ উন্মোচন করেছেন স্ট্রউচ। তাঁর দাবি, আজ থেকে প্রায় ২ হাজার বছর আগে ফ্যারাওদের সমাধিক্ষেত্রে গিয়েছিলেন এক তামিল বণিক। সেখানে থাকা ছ’টি সমাধির মধ্যে পাঁচটিতে সব মিলিয়ে আটটি জায়গায় পাথরে খোদাই করে নিজের নাম লিখেছিলেন ওই তামিল বণিক। কী ছিল তাঁর নাম? তামিল-ব্রাহ্মী হরফে তিনি লিখেছিলেন ‘সিকাই কোত্রান’। সিকাই-এর অর্থ মুকুট, কোত্রান মানে নেতা বা রাজা। সেখানে মিলেছে আরও বেশ কয়েকটি নাম। তামিল-ব্রাহ্মীর পাশাপাশি প্রাকৃত লিপিও পাওয়া গিয়েছে। প্রাচীন বাণিজ্যপথে ভারতের সঙ্গে ওই অঞ্চলের ব্যবসায়িক সম্পর্কে নিয়ে নয়া তথ্যের হদিশ দিয়েছে এই শিলালিপি। সম্প্রতি চেন্নাইয়ে তামিল এপিগ্রাফি কনফারেন্সে যোগ দিয়েছিলেন সুইৎজারল্যান্ডের লরেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ইঙ্গো স্ট্রউচ ও ফ্রেঞ্চ স্কুল অব এশিয়ান স্টাডিজের শারলট স্কিমিড। তামিল-ব্রাহ্মী শিলালিপিটির পাঠোদ্ধারে স্ট্রউচকে সাহায্য করেছেন স্কিমিড। চেন্নাইয়ের কনফারেন্সেই তাঁরা তাদের গবেষণা সংক্রান্ত নথি পেশ করেছেন।