নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: এবারের মাধ্যমিকেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। তাদের দুই ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান পেয়েছে। মোট ১২৯ জন ছাত্র এ বছর ওই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ১২৮ জনই ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। এছাড়া ১০৬ জন স্টার পেয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৮ জন। ৯৫ জন পড়ুয়া ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মহম্মদ আসিফ ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম হয়েছে। এছাড়া আর এক ছাত্র অয়ন নাগ ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে নবম হওয়ায় খুশি এলাকাবাসী। আরও কয়েকজন পড়ুয়া কয়েক নম্বরের জন্য মেধা তালিকায় নাম তুলতে পারেনি। স্কুলের ১৩ পরীক্ষার্থী অঙ্কে একশোয় ১০০ পেয়েছে। স্কুল সূত্রে আরও জানা গিয়েছে, বর্তমানে তাদের ছাত্র সংখ্যা এক হাজারের বেশি। সরকারি শিক্ষক রয়েছেন ২২ জন। তাছাড়া মিশনের তরফে আরও ২৫ জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, প্রায় প্রত্যেক বছরই কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় থেকে পড়ুয়ারা রাজ্যের মেধা তালিকায় স্থান দখল করেছে। এবারও তার অন্যথা হয়নি। শুক্রবার মাধ্যমিকের ফল ঘোষণার পর স্কুলে আসেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক এদিন কৃতিদের সংবর্ধনা দিয়েছেন। তিনি বলেন, রাজ্যের মধ্যে পঞ্চম ও নবম স্থান পেয়েছে কামারপুকুর মিশন স্কুলের দুই ছাত্র। তাদের সঙ্গে দেখা করলাম। শুভেচ্ছা জানিয়েছি। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্রও দেওয়ার হয় কৃতিদের। স্কুলের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ বলেন, এবার আমাদের স্কুল থেকে দুজন ছাত্র মেধা তালিকায় স্থান পাবে বলে প্রত্যাশা ছিল। আসিফ টেস্ট পরীক্ষায় প্রথম হয়। তবে অয়ন নবম হলেও সে ফাইনালে পরিশ্রম করে সফল হয়েছে। আমাদের স্কুলে প্রত্যেকটি ছাত্রকে আদর্শবান হতে শিক্ষা দেওয়া হয়। প্রার্থনায় মেডিটেশন করানো হয়। তার সঙ্গে ঠাকুর, মা ও স্বামীজির কাছে প্রার্থনা করি। ছাত্রদেরও প্রার্থনা করতে বলি।



