Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙায় মাঠ থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া ১৮টি মোবাইল

সাতসকালেই প্লাস্টিকে মোড়া দু’টি প্যাকেট থেকে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি গোবরডাঙা থানার রেল স্টেশনের পাশের ফাঁকা মাঠে। ভিতরে থাকা ১৮টি মোবাইলের মধ্যে একটি ছিল আইফোনও। একটি মোবাইলের আকস্মিক রিংটোন বেজে উঠতেই এই ঘটনার পর্দা ফাঁস হয়।

গোবরডাঙায় মাঠ থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া ১৮টি মোবাইল
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতসকালেই প্লাস্টিকে মোড়া দু’টি প্যাকেট থেকে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি গোবরডাঙা থানার রেল স্টেশনের পাশের ফাঁকা মাঠে। ভিতরে থাকা ১৮টি মোবাইলের মধ্যে একটি ছিল আইফোনও। একটি মোবাইলের আকস্মিক রিংটোন বেজে উঠতেই এই ঘটনার পর্দা ফাঁস হয়।

Advertisement

বুধবার সকাল সাতটা বাজে। গোবরডাঙা স্টেশন সংলগ্ন পশ্চিমপাড়ের একটি মাঠ দিয়ে কাজে যাচ্ছিলেন এক মহিলা। হঠাৎই তাঁর কানে আসে মোবাইল ফোনের রিং। চারপাশে তাকিয়ে তিনি দেখতে পান, প্লাস্টিকে মোড়া একটি প্যাকেট পড়ে রয়েছে মাঠে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতেই চমকে ওঠেন। প্যাকেটের ভিতরে একের পর এক মোবাইল ফোন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। প্যাকেট খুলে দেখা যায়, সেখানে ৯টি মোবাইল আছে। এরপর এলাকাবাসীরা সেখানে তল্লাশি শুরু করেন। এরপর কিছুটা দূরে আরও একটি প্যাকেটে ন’টি মোবাইল উদ্ধার হয়। পরে উদ্ধার হওয়া সমস্ত ফোন তুলে দেওয়া হয় গোবরডাঙা থানার হাতে।
ইতিমধ্যেই পুলিশ ফোনগুলির কল রেকর্ড ও আইএমইআই নম্বর খতিয়ে দেখার কাজ শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, এই ফোনগুলি সম্ভবত ঠাকুরনগরের বারুণী মেলা থেকে চুরি করা। কারণ, সম্প্রতি ওই মেলায় মোবাইল চুরির একাধিক অভিযোগ জমা পড়েছে। স্থানীয় বাসিন্দা রবীন দাস বলেন, মেলা উপলক্ষে ভিন রাজ্যের কয়েকজন মাঠেই অস্থায়ীভাবে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয়দের আপত্তির জেরে তাঁরা সেখান থেকে সরে যান। বুধবার সকালে দেখা যায়, তাঁরা আর নেই। রয়ে গিয়েছে শুধু প্লাস্টিকে মোড়া মোবাইল। তবে কি তড়িঘড়ি পালাতে গিয়েই ভুলে তাঁরা মোবাইলগুলি ফেলে যান? নাকি এর নেপথ্যে আরও বড় কোনও চক্র সক্রিয়?  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ