সুরাত, ১ এপ্রিল: খোদ মোদির রাজ্যেই বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। জখম ৮। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাতের বনসকণ্ঠ জেলার দেসাতে। পুলিস সূত্রে খবর, এদিন সকালে ওই বাজি তৈরির কারখানায় আচমকাই বয়লারে বিস্ফোরণ হয়। তারপরেই আগুন লেগে যায় গোটা কারখানাটিতে। দাহ্যবস্তু মজুত থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এমনকী বাজি মজুত করে রাখা গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই কারখানার ছাদ ভেঙে পড়ে। আর তার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বহু শ্রমিকের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিস। উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে ৬ জন শ্রমিকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন দমকলের কর্মীরা। পরে ধ্বংসস্তূপ সরাতে আরও মৃতদেহের সন্ধান মেলে। এখনও পর্যন্ত ১৭ জন শ্রমিকের দেহ উদ্ধার করেছে দমকল ও পুলিস। জখম অবস্থায় উদ্ধার ৮। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই কারখানার আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন দমকলের কর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিসের। তাই উদ্ধারকাজ চলছে এখনও।