নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুরে গণধর্ষণের ঘটনায় ১৩ দিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। দেবাংশু বিশ্বাস নামের ওই অভিযুক্তকে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অনলাইনে টাকা নেওয়ার সূত্র ধরেই তাকে ধরা হয়। এর আগে এই ঘটনায় আর এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। ৬ সেপ্টেম্বর হরিদেবপুর থানা এলাকার এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে শুরু হয় তদন্ত। এফআইআরে দুই যুবকের নাম ছিল। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর মালঞ্চ এলাকায় জন্মদিনের পার্টিতে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দুই অভিযুক্ত ছাড়া আর কেউ ছিল না। অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণ করে ওই দু’জন। ঘটনার কয়েকদিন পর বর্ধমান স্টেশন থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু দেবাংশু অধরা ছিল। বারবার লোকেশন বদল করছিল সে। কয়েকদিন আগে তার এক পরিচিতকে ফোন করে দেবাংশু। ওই কলের সূত্রে জানা যায়, সে বারাণসীতে রয়েছে। টাকার টান পড়ায় সে অনলাইনে পাঠাতে বলে। ওই পরিচিত তাকে টাকা পাঠিয়ে দেন। সেখান থেকেই পুলিশ জানতে পারে, কলকাতায় ফিরছে দেবাংশু। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্রে জানা যায়, দেশপ্রিয় পার্ক এলাকায় রয়েছে দেবাংশু। সেইমতো পুলিশের টিম সেখানে পৌঁছে গ্রেফতার করে অভিযুক্তকে।



