কিয়েভ: তেল আমদানি করে রাশিয়াকে অর্থের জোগান দিচ্ছে ভারতের মতো দেশ। এরফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই অভিযোগে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই মার্কিন সিদ্ধান্তকে খোলাখুলি সমর্থন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। রবিবার তিনি বলেছেন, আমেরিকা অতিরিক্ত শুল্ক চাপিয়ে ঠিক করেছে। সরাসরি ভারত বা নরেন্দ্র মোদির নাম করেননি তিনি। তবে জেলেনস্কির লক্ষ্য যে নয়াদিল্লি, তা ওই মন্তব্য থেকেই স্পষ্ট। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে একাধিকবার চেষ্টা চালিয়েছে ভারত। যুদ্ধবিরতির জন্য নয়াদিল্লির কাছে সাহায্য চেয়ে আর্জিও জানিয়েছে ইউক্রেন। এরইমধ্যে এবার নাম না করে ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন জেলেনস্কি। রবিবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে এসসিও শীর্ষ সম্মেলনে মোদি-পুতিন ও জিনপিংয়ের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। উত্তরে জেলেনস্কি বলেন, ‘আমার মনে হয়, যে দেশগুলো রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত সঠিক।’



