নিষ্ঠা, ভক্তি, পরম্পরার মিশেল যুবশ্রীতে, প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থর মতো কালীপুজোয় চমক দিতে চান না তাপস
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: সময় পার্থক্য গড়ে দিল। পার্থর সঙ্গে তাপসের। তাও আবার পুজোর আঙ্গিনায়। পার্থ দেখিয়েছিলেন চমক। কিন্তু তাপসের কাছে নিষ্ঠা, ভক্তি, পরম্পরাই পাথেয়।

Advertisement

রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সময়ে সামলেছেন শিক্ষামন্ত্রীর পদ। নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দীর্ঘ কারাবাসের পর এখন তিনি ‘গৃহবন্দি’। রাজনীতির পাঠ আপাতত চুকিয়েছেন তিনি। ঘরে বসেই যেটুকু রাজনীতির বাণী দেওয়ার তা দেন। একটা সময় পার্থ ছিলেন নাকতলা উদয়ন সংঘ দুর্গাপুজো কমিটির প্রধান মাথা। মন্ত্রিত্বে থাকার সুবাদে পুজোয় সেই সময় চমকও দিয়েছিলেন তিনি। পরপর কয়েক বছর। একবার রাজস্থান থেকে আনা ১৬ টনের পাথর খোদাই করে দেবী মূর্তি বানানো হয়েছিল নাকতলায়। তখন মন্ত্রী ছিলেন তিনি। তৃণমূলের তৎকালীন ওজনদার নেতা পার্থর ওই বিরাট পাথর আনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল। শিরোনাম হয়েছিল সংবাদের। 
এখন বিজেপি সরকারের আমলে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। বিচক্ষণ, পোড়খাওয়া রাজনীতিবিদ তিনি। তাপস রায় মা কালীর উপাসক। কালী পুজো করছেন বহু বছর ধরে। আমহার্স্ট স্ট্রিট সংলগ্ন ‘যুবশ্রী’ কালীপুজোর প্রধান কর্তা তিনি। এ বছর ৬৮ বছরে পা দিয়েছে যুবশ্রীর কালীপুজো। মধ্য এবং উত্তর কলকাতায় যে বড়ো কালীপুজো হয়, তার মধ্যে যুবশ্রীর কালীপুজো বরাবরই সেরার তালিকায় থাকে। ফাটাকেষ্টর কালীপুজো, সোমেন মিত্রের কালীপুজোর মতোই তাপস রায়ের যুবশ্রীর কালীপুজোর বেশ নামডাক রয়েছে। শিয়ালদহ, বউবাজার কিংবা উত্তর এবং মধ্য কলকাতায় যাঁরা যান, তাঁরা একবার সুযোগ পেলেই যুবশ্রীর পুজো মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে আসেন। প্রতি বছরই যুবশ্রীর কালীপুজোয় দেবীমূর্তির অপরূপ শোভা দর্শনার্থীদের কপালে হাত ঠেকাতে বাধ্য করে। মাথা ঝুঁকে আসে। আগের মতো এখনও যুবশ্রীর কালীপুজো সহযোদ্ধাদের সঙ্গে দক্ষ হাতে সামলান তাপস। 
কিন্তু সময়টা একটু বদলেছে। এখন বিজেপি সরকারের আমলে শিল্প-বাণিজ্য বিষয়ক দপ্তরের পূর্ণমন্ত্রী তিনি। রাজনীতির কারবারিদের অনেকেই মনে করেছিলেন, শিল্পমন্ত্রী হওয়ার সুবাদে তাপস রায়ের পুজোয় এবার বিরাট জমজমাট হবে, চমক থাকবে। কিন্তু তাপস এসব চমকের রাজনীতির পাঠশালায় পড়েননি। পুজো পর্বকে ভক্তি আর নিষ্ঠার সঙ্গেই সামলাতে চান তিনি। যা বরাবর করে এসেছেন। তাপসের কথায়, মায়ের পুজোয় মন্ত্রী, বিধায়ক— এসব আবার কী! মায়ের আশীর্বাদেই আমার যেটুকু নাম, পরিচিতি হয়েছে। বিধায়ক থেকে মন্ত্রী হয়েছি। মায়ের পুজো মা করিয়ে নেন। এর আগে যেমনভাবে পুজো হয়েছে, এবারও তেমনভাবেই হবে। আমি মন্ত্রী বলে পুজোয় বিরাট কিছু করে দেখাব, ওই রাস্তায় আমি হাঁটি না। 
যুবশ্রীর কালীপুজোর প্রাঙ্গণে গিয়ে দেখা গেল, মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে। মূল আকর্ষণ হল মাতৃ প্রতিমা। যা দেখার জন্য দূর-দূরান্ত থেকে লোক আসেন। আর মণ্ডপের আশপাশে নজর কেড়েছে যুবশ্রীর ব্যানার। যেখানে রয়েছে তাপসের হাতজোড় করে থাকা ছবি। ব্যানারে লেখা বার্তা— আসুন সবাই মিলে মায়ের পুজো নিষ্ঠা, ভক্তি, পরম্পরায় পালন করি।