Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

যাত্রী পরিষেবার উন্নতিতে এমপিদের কাছ থেকে প্রস্তাব চাইল এনএফ রেল

যাত্রী পরিষেবার উন্নতিতে এমপিদের কাছ থেকে প্রস্তাব চাইল এনএফ রেল
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়ার জন্য রেল পরিষেবাকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই অঙ্কে এবারের বাজেট তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। উত্তরবঙ্গে গেরুয়া ভোটব্যাঙ্কের ফাটল মেরামত করতে রেলকে একমাত্র বাঁচার পথ হিসেবে মনে করছে বিজেপি। সেইমতো রেলের বাজেট তৈরি করতে কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত প্রত্যেক সংসদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। 
Advertisement
শুক্রবার শিলিগুড়ি শহরের উপকণ্ঠে একটি রিসর্টে রেলের ওই দুই ডিভিশনের অধীনে থাকা এমপি’দের নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তবের বৈঠককে এভাবেই দেখছে ওয়াকিবহাল মহল। বৈঠকে বিজেপির সাংসদরা নিজের নিজের এলাকায় ট্রেন পরিষেবা উন্নত করার পাশাপাশি  বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপের এবং নতুন নতুন ট্রেন চালুর প্রস্তাব রেখেছেন। তাতে এই ধারণাকে অস্বীকার করা যাচ্ছে না। 
এদিনের বৈঠকে অনুপস্থিত থাকলেও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা লিখিত প্রস্তাব জমা দিয়েছেন। সেখানে শতাব্দী এক্সপ্রেস ও দার্জিলিং মেলকে শিলিগুড়ি জংশন দিয়ে চালানো ও বাগডোগরায় স্টপ দেওয়ার প্রস্তাব রেখেছেন। এছাড়া রাঙাপানি-বাগডোগরা সহ বিভিন্ন জায়গা থেকে বেশকিছু নতুন লোকাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর প্রস্তাব রেখেছেন তিনি। এদিন রেল আধিকারিকদের সঙ্গে দেখা করেন শিলিগুড়ি-বাগডোগরা রেল উন্নয়ন ফোরামের সদস্যরাও। তাঁরা শিবমন্দিরে রেল স্টেশনের দাবি জানান আধিকারিকদের কাছে।  
জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়ও বিভিন্ন জায়গার নতুন ট্রেন এবং স্টেপের প্রস্তাব দিয়েছেন। এনজেপি স্টেশন আধুনিকীকরণে কাজ দ্রুত শেষ করার প্রস্তাব দিয়েছেন। বৈঠক শেষে জয়ন্তবাবু বলেন, এনজেপি স্টেশনের কাজ এ বছরের শেষের দিকে শেষ হবে বলে জানিয়েছে রেল। কিন্তু আমি প্রস্তাব দিয়েছি পুজোর আগেই কাজ শেষ করার। পাশাপাশি ঠাকুরনগরের উড়ালপুলের কাজ দ্রুত শুরু করার ব্যাপারেও বলেছি। এর পাশাপাশি ডাঃ জয়ন্ত রায় ভিস্তাডোম কোচকে লাভজনক করার জন্য সপ্তাহে তিনদিন করে এনজেপি থেকে আলিপুরদুয়ার বর্তমান রুটের পাশাপাশি লাটাগুড়ি দিয়েও এই ট্রেন চালানো প্রস্তাব দিয়েছেন। 
এদিন সব সাংসদ তাঁদের এলাকায় ট্রেন পরিষেবার উন্নতির জন্য একগুচ্ছ প্রস্তাব দেন। ভোটের অঙ্কে বাজেট তৈরির জন্য এভাবে প্রস্তাব আহ্বান করা হয়েছে কি না জানতে চাওয়া হলে জয়ন্তবাবু বলেন, সাংসদদের একগুচ্ছ প্রস্তাবের কিছুটা হলেও প্রতিফলন বাজেটে পড়বে। এদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারাল ম্যানেজার বলেন, ভোটের অঙ্কে বাজেট করার কোনও বিষয় নেই। পরিষেবা উন্নতির জন্য মাঝেমধ্যেই আমরা এ ধরনের মত বিনিময় করে থাকি।
Advertisement
সম্পর্কিত সংবাদ