নয়াদিল্লি: মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি ভারতীয় সেনার সদর দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার লোকসভার জিরো আওয়ারে এমনই অভিযোগ করেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল ভারতীয় সেনা। মঙ্গলবার সেনার তরফে জানানো হয়েছে,‘ছবিটি যথাযোগ্য স্থানে রয়েছে। বর্তমানে এটি মানেকশ সেন্টারে রাখা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের হিরো ও তৎকালীন ফিল্ড মার্শাল স্যাম মানেকশর নামেই এই কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। ছবিটি সরিয়ে ফেলা হয়নি। বরং বিজয় দিবসের দিন সেটিকে তার কাঙ্ক্ষিত জায়গায় স্থান দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।’



