নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিলস বানানো নিয়ে বিবাদের জেরে এক বন্ধুকে ছুরি দিয়ে কোপালেন আরেক বন্ধু। এতে গুরুতর জখম ওই যুবককে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পাণ্ডুয়ার খন্যান চৌমাথাতে ওই ঘটনা ঘটেছে। পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ শাহজাহান ওরফে রাজা। খন্যান চৌমাথাতে তাঁর ফাস্টফুডের দোকান আছে। অন্যদিকে, জখম যুবকের নাম মিজানুর রহমান। তিনি পরিযায়ী শ্রমিক। সম্প্রতি মুম্বই থেকে খন্যানের পশ্চিমপাড়ার বাড়িতে ফিরেছিলেন। শুক্রবার রাতে ওই যুবক বন্ধু রাজার খন্যান চৌমাথার দোকানে যেতেই তিনি ছুরি নিয়ে হামলা চালান বলে অভিযোগ। কোনওমতে পালিয়ে মিজানুর পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়ে যান। তাঁর মাথা সহ শরীরের একাধিক জায়গায় জোরাল আঘাত লেগেছে।



