নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চার কোটি টাকার বেশি মূল্যের হিরে সহ আন্তর্জাতিক পাচারচক্রের এক সদস্যকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহা শুকলাল মেহেতা ওরফে দীপক কুমার মেহেতা। তার বাড়ি পশ্চিম দিল্লির রমেশনগরে। তার হেপাজত থেকে গোয়েন্দারা ৮০৮.৩০ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম হিরে উদ্ধার করেছে গোয়েন্দারা। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা হেপাজতের নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছে, কয়েকদিন আগে দিল্লি থেকে বিমানপথে কাঠমাণ্ডু যায় অভিযুক্ত। সেখান থেকে ফের বিমানে সে নেপালের ভদ্রপুরে পৌঁছয়।
সেখানে কয়েকদিন থেকে সে ওই হিরে নিজের হেপাজতে নেয়। এরপর আর বিমানপথে না গিয়ে সড়কপথ ধরে দীপক। গাড়িতে মেচী নদী পার করে পানিট্যাঙ্কি হয়ে সে ভারতে প্রবেশ করে। সোমবার তার বাগডোগরা থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল। সূত্রে সেই খবর পেয়ে বিমানবন্দরে ফাঁদ পাতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের গোয়েন্দারা। দীপক বিমানবন্দরে ঢুকতেই আটক করে শিলিগুড়ি দপ্তরে নিয়ে আসা হয়। এরপরে তার সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করতেই হ্যান্ডব্যাগ থেকে বেশকিছু সামগ্রীর সঙ্গে একটি সাদা রঙের কাপড়ের পুটলি উদ্ধার হয়। সেটি খুলতেই ছোট ছোট প্রচুর হিরে পাওয়া যায়। নিয়ম মেনে সরকারি ধাতু ও পাথর পরীক্ষককে ডেকে আনার পর তিনি জানান হিরের ওজন ৮০৮.৩০ ক্যারেট। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই হিরের বাজার মূল্য ৪ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকা। প্রাথমিক জেরায় গোয়েন্দাদের অভিযুক্ত জানিয়েছে, নেপাল থেকে দিল্লি রুটে এভাবে আন্তর্জাতিক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। অভিযুক্তের দেওয়া বয়ানের ভিত্তিতে এই দলের অন্য সদস্যদের ধরতে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবী রতন বণিক বলেন, চার কোটি টাকার হিরে সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।