নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিজের মেয়ের কিশোরী বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিজান শেখ। ঘটনাটি সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাজাট থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা কিশোরীর বাবা-মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। কাকার বাড়িতে থাকে সে। রবিবার দুপুরে সেখানে সে একাই ছিল। অভিযোগ, আচমকা পড়শি মিজান তার বাড়িতে ঢোকে। দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার আর্ত চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসে। বেগতিক বুঝে দৌড়ে এলাকা থেকে পালায় মিজান। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার কাকা। সোমবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। পরিবারের সদস্যদের দাবি, মিজানের মেয়ের সঙ্গেই পড়াশোনা করে নির্যাতিতা কিশোরী। বাড়িতে যাতায়াতও ছিল। কিন্তু মিজান যে এই ঘটনা ঘটাবে, তা কারও ধারণায় ছিল না। কিশোরীর কাকা বলেন, ‘বাড়িতে ঢুকে মেয়েকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এই কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। কিন্তু স্থানীয়রা বিষয়টি জেনে যাওয়ায় ও পালিয়ে যায়। পুলিস তাকে ধরেছে। আমরা ওর কঠোর শাস্তি চাইছি।’ বসিরহাট পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (জোনাল) দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়া হবে। তদন্তের স্বার্থে এখনই এনিয়ে কিছু বলা সম্ভব নয়।’



