Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি আধিকারিক পরিচয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক, নগদ এবং গয়না হাতিয়ে গ্রেপ্তার যুবক

ভুয়ো সরকারি আধিকারিক পরিচয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নগদ ও সোনার গয়না হাতিয়ে নেয় আরিজ মণ্ডল। বিস্তারিত পড়ুন।

সরকারি আধিকারিক পরিচয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক, নগদ এবং গয়না হাতিয়ে গ্রেপ্তার যুবক
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভুয়ো সরকারি আধিকারিক পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে পরিচয়। ভালোবাসার ছলনায় ঘনিষ্ঠতা বৃদ্ধি করে একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখে ব্লাকমেল করে নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। এরকম একাধিক অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আগেই নিজেদের হেপাজতে নিয়েছিল বনগাঁ থানার পুলিশ। শনিবার ধৃতকে পুনরায় আদালতে তোলা হলে বিচারক আবার পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আরিজ মণ্ডল (২৮)। নদীয়ার হরিণঘাটার বাসিন্দা তিনি। বনগাঁ থানা এলাকার এক যুবতীর করা অভিযোগের ভিত্তিতে গত ১৯ তারিখ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওইদিনই ধৃতকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নিয়েছিল পুলিশ। এরপরও দুবার আদালতে তোলা হলে আদালত পুলিশ হেপাজতের নির্দেশ দেয়।

Advertisement

জানা গিয়েছে, ধৃত আরিজ সরকারি লোগো লাগানো গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। নিজেকে সরকারি উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিতেন। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলাদের সঙ্গে পরিচয় করে প্রেমের প্রলোভনে ফাঁসাতেন। ঘনিষ্ঠতা বাড়িয়ে যৌন সম্পর্ক স্থাপন করে হাতিয়ে নিতেন নগদ টাকা ও সোনার গয়না। সম্প্রতি বনগাঁর এক যুবতীর সঙ্গে নিজের পরিচয় গোপন রেখে সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। এমনকি নিজের ধর্মকে গোপন করেন অভিযুক্ত। যুবতীর কাছ থেকে বেশ কিছু সোনার গয়না হাতিয়ে নেয়। ওই যুবতী থানায় অভিযোগ করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে পরিচয় গোপন করে একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন, নগদ ও সোনার গয়না হাতিয়ে নিয়েছে সে। ওইসব গয়না একটি বেসরকারি লোন সংস্থায় বিক্রিও করেছিলেন অভিযুক্ত যুবক। পুলিশ ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে বেশ কিছু গয়না উদ্ধার করেছে। পুলিশের অনুমান, আরও কেউ যুক্ত থাকতে পারে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ