


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুলিশ ও র্যাফের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল হাওড়া সিটি পুলিশ। গোলাবাড়ি থানার পুলিশ সোমবার রাতে মহম্মদ আরশাদ আনসারি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, গত ফেব্রুয়ারি মাসে উত্তর হাওড়ার পিলখানা এলাকায় উত্তেজনার সময় সে সরাসরি হামলায় অংশ নিয়েছিল। ২৫ ফেব্রুয়ারি পিলখানা এলাকায় মহম্মদ শফিক নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় হারুণ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার জেরে পরদিনই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পিলখানা মোড় অবরোধ করে স্থানীয়দের একাংশ। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছিল। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মহম্মদ আরশাদ আনসারি ওই ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযোগ, সে লাঠি নিয়ে পুলিশ ও র্যাফের উপর চড়াও হয়েছিল। এরপর তদন্তের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।