নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুরসভার চেয়ারম্যানের নাম করে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। তারা জানিয়েছে, ধৃতের নাম সৌম্যদীপ দাস। তার বাড়ি দক্ষিণেশ্বর থানা এলাকায়। জানা গিয়েছে, ধৃত যুবক নিজেকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে পরিচয় দিয়ে বুধবার কলকাতার সাহাপুর কলোনির একটি কোম্পানিতে ফোন করে। ফোনের অপরপ্রান্ত থেকে সে বলে, পানিহাটিতে ১৫ বিঘা জমি আছে। সে কম দামে ওই জমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তবে এর জন্য কোম্পানির কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করে সে। ওই সংস্থার তরফে জানানো হয়, চেয়ারম্যানের অফিসে গিয়ে কথা হবে। বৃহস্পতিবার একই নম্বর থেকে কয়েকবার ফোন করে একপ্রকার চাপ দিয়ে টাকা নিয়ে বরানগরের সামনে যেতে বলা হয় কোম্পানির প্রতিনিধিকে। সেখানে যাওয়ার পথেই ফের ফোনে বলা হয়, চেয়ারম্যান সোমনাথ দে’র প্রতিনিধি সৌম্যদীপ যাবেন টাকা আনতে। তার সঙ্গে কথা বলেই বিষয়টি মেটাতে হবে। তাতেই সন্দেহ হয় ওই ইমারতি সংস্থার লোকজনের।



