নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দুই। মৃতের হলেন শিবাণ্য সরকার ও সুজিত গুপ্তা। শিবাণ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিত।

সোমবার রাত দুটো নাগাদ বারাকপুর থেকে সোদপুরের দিকে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে কয়েকবার পাল্টি খায়। প্রবল আওয়াজে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। তাঁরা গাড়ি থেকে আহতদের অনেক কষ্টে বের করেন। গাড়িতে চারজন ছিলেন। শিবাণ্য সরকার, সুজিত গুপ্তা, রবি কুমার রাম ও সন্দীপ গিরি।
দুর্ঘটনার শব্দ পেয়েই স্থানীয়রা চারজনকে আশঙ্কাজনক অবস্থায় গাড়ি থেকে বের করে আনে। কিছুক্ষণের মধ্যেই যুবতীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক যুবকের। বাকি দু’জনকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতী টিটাগড় পুরসভার দু’নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার রাজেন্দ্র সোনকারের মেয়ে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে, বিস্তারিতভাবে দুর্ঘটনার বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।