সংবাদদাতা, রানাঘাট: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ১৩ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল রানাঘাটের এক যুবকের বিরুদ্ধে। শান্তিপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই যুবকের ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবার। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রানাঘাট থানা এলাকায় ওই নাবালিকার মামার বাড়ি হওয়ায় সেখান থেকেই তাদের পরিচয়। পরবর্তীতে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ওই যুবক নাবালিকার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের মোবাইলে তুলে রাখে। সেই ছবিগুলিকে হাতিয়ার করে পরবর্তীতে শুরু হয় এই ব্ল্যাকমেইল। গত ২৪ অক্টোবর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে একা বের হয় ওই নাবালিকা। এরপরই অভিযুক্ত যুবক তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। সেই ছবি মোবাইলে তুলে তা দেখিয়ে তার সঙ্গে সহবাস করতে জোর করে ওই যুবক। তাতে রাজি না হলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলে নাবালিকাকে ভয় দেখায় ওই যুবক। এরপর বাথরুমে যাওয়ার নাম করে ওই নাবালিকা পালিয়ে আসে। বাড়ি ফিরে সে পুরো ঘটনা তার মাকে জানায়। পরবর্তীতে শান্তিপুর থানার দারস্থ হন নাবালিকার পরিবার।
ওই নাবালিকার মা জানান, গত ২৪ তারিখ কাউকে কিছু না বলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ছেলেটি ওকে তার বাড়িতে আটকে রেখে আপত্তিকর ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অত্যাচার করেছে। বাথরুমে যাওয়ার নাম করে মেয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসে। আমার মেয়ের যাসর্বনাশ করেছে ছেলেটি। ওর যেন উপযুক্ত ও কঠোরতম শাস্তি হয়।
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।



