Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চোর সন্দেহে গাছে বেঁধে যুবককে মার

চুরির অভিযোগে যুবককে বাড়ি থেকে তুলে এনে তালগাছে বেঁধে বেধড়ক মারধর। শুধু তাই নয়, তাঁর মোটরবাইক কেড়ে নিয়ে মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে।

চোর সন্দেহে গাছে বেঁধে যুবককে মার
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চুরির অভিযোগে যুবককে বাড়ি থেকে তুলে এনে তালগাছে বেঁধে বেধড়ক মারধর। শুধু তাই নয়, তাঁর মোটরবাইক কেড়ে নিয়ে মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে। ঘটনাটি দেগঙ্গার ঘোষালের আবাদ গ্রামের। জখম যুবকের নাম মসিদুল মণ্ডল। পেশায় তিনি দিনমজুর। এখন দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি দোকান ক’দিন আগে একটি চুরির ঘটনা ঘটে। আর সেই ঘটনার পর কোনো প্রমাণ ছাড়াই মসিদুলকে সন্দেহ করা হয়। এরপর কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মী রবিবার মসিদুলকে শ্বশুরবাড়ি থেকে জোর করে তুলে নিয়ে আসেন বলে দাবি পরিবারের। অভিযোগ, গ্রামে এনে একটি তালগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় মসিদুলকে। তারপর কোদালের বাঁট দিয়ে চলে এলোপাথাড়ি মারধর। পরিবারের সদস্যেরা ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
মসিদুলের বাবা মহসিন মণ্ডল বলেন, অযথা ছেলেকে চোর সন্দেহে মারধর করল। সেখানেই ক্ষান্ত না থেকে তৃণমূলের লোকজন তাঁর মোটরবাইকটিও কেড়ে নেন। পরে, ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে একটি মুচলেকায় সই করিয়ে নেন। এটা কীভাবে হল, তা আমরা বুঝতে পারছি না। ঘটনার জেরে গুরুতর আহত মসিদুলকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে তাঁকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, একে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও অভিযুক্তদের তরফে বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ