নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাওনাদার মহিলা টাকা ফেরত চাইছিলেন। কিন্তু নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছিলেন যুবক। তাঁর বিরুদ্ধে এবার প্রেমিকাকে সঙ্গে নিয়ে পাওনাদার মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। সল্টলেকের রাস্তায় গাড়িতে তুলে ওই মহিলাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে নিয়মিত ‘ফলো’ করা হচ্ছে বলেও অভিযোগ। পাওনাদারের বাড়ি কলকাতা পুলিশের মানিকতলা থানা এলাকায়। সেখানেই তিনি অভিযোগ দায়ের করেন। জিরো এফআইআর করে পুলিশ। ১১ সেপ্টেম্বর ওই জিরো এফআইআর টানে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। মারধর, শ্লীলতাহানি, হুমকি, স্টকিংসহ ৮টি ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাড়ি বাগবাজারে। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তাঁর বেশ কয়েক বছর ধরে পরিচয়। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন আগেও হয়েছে। তিনি মাসখানেক আগে তাঁর পাওনা টাকা মিটিয়ে দিতে বলেন ওই যুবককে। কিন্তু যুবক ইচ্ছাকৃতভাবে টাকা পরিশোধ এড়িয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এমনকি, টাকা ফেরত চাওয়ার জন্য পাওনাদার মহিলাকে ফোনে এবং অন্যান্য মাধ্যমে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করে। এই অবস্থায় ৩১ মে রাত ৩টে নাগাদ ওই যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে সল্টলেকে যায়। একটি গাড়িতে করে এসেছিল তারা। ওই গাড়িতে পাওনাদার মহিলাকে তোলা হয়েছিল। অভিযোগ, গাড়ির ভিতরে অভিযুক্ত যুবক অভিযোগকারিণীকে মারধর ও শ্লীলতাহানি করে। তারপর গত কয়েক মাস অভিযুক্ত তাঁকে ধারাবাহিকভাবে ‘ফলো’ করছে। অভিযুক্ত তাঁর বাড়িতে গিয়ে তাঁকে এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে বলেও অভিযোগ। তখন তিনি মানিকতলা থানার দ্বারস্থ হন।



