Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আপনারা তো এসআইআরের মতো হেনস্তা করছেন! বেআইনি নির্মাণের শুনানি নিয়ে অফিসারদের ভর্ৎসনা ফিরহাদের

‘আপনারা তো এসআইআরের মতো নাগরিককে হেনস্তা করছেন। যিনি অভিযোগ জানাচ্ছেন, তাঁকেই বারবার শুনানির হয়রানি পোহাতে হবে কেন?

আপনারা তো এসআইআরের মতো হেনস্তা করছেন! বেআইনি নির্মাণের শুনানি নিয়ে অফিসারদের ভর্ৎসনা ফিরহাদের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আপনারা তো এসআইআরের মতো নাগরিককে হেনস্তা করছেন। যিনি অভিযোগ জানাচ্ছেন, তাঁকেই বারবার শুনানির হয়রানি পোহাতে হবে কেন? অবৈধ নির্মাণ ও বেআইনি মিউটেশনের শুনানি নিয়ে অভিযোগকারীকে হেনস্তা করা যাবে না।’ শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক অভিযোগের প্রেক্ষিতে এভাবেই পুরসভার আধিকারিকদের কার্যত ভর্ৎসনা করেন মেয়র ফিরহাদ হাকিম। 

Advertisement

এদিন বেহালা অঞ্চলের ১২৫ নম্বর ওয়ার্ড থেকে একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসে। অবৈধভাবে মিউটেশনের অভিযোগও ছিল। অভিযোগকারী জানান, তিনি বেশ কয়েক মাস আগে সম্পত্তি কর সংক্রান্ত একটি বেআইনি কাজের অভিযোগ করেছিলেন। পুরসভাকে অভিযোগ জানানোর পর কাজ বন্ধ করে দেওয়া হয়। শুনানিতেও একবার ডাকা হয়েছিল অভিযোগকারীকে। কিন্তু বেশ কয়েক সপ্তাহ কাজ বন্ধ থাকার পর ফের কাজ শুরু হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, ‘আমাকে পুরসভা থেকে বারবার ফোন করে শুনানিতে ডাকা হচ্ছে। কিন্তু আমার স্ত্রী অসুস্থ। এই অবস্থায় বেআইনি নির্মাণ কিন্তু হয়েই যাচ্ছে।’ এই কথা শুনেই চটে যান মেয়র। সম্পত্তি কর বিভাগের আধিকারিককে বলেন, ‘যিনি অভিযোগ জানিয়েছেন, প্রমাণ করা তাঁর দায়িত্ব নয়। নথি জোগাড় করে আপনাদেরই বেআইনি কাজ আটকাতে হবে। অভিযোগকারী শুনানিতে আসতে পারছেন না বলে বেআইনি কাজ চলতে থাকবে, এটা হতে পারে না। শুনানির নামে নাগরিক হয়রানি করা চলবে না। আপনারা তো এসআইআরের মতো করছেন!’ মেয়রের আরও সংযোজন, ‘আপনাদের অফিসাররা পয়সা খাবে। বারবার শুনানির নামে অভিযোগকারীর ভোগান্তি হবে। এসব বন্ধ করুন।’ 

সম্পর্কিত সংবাদ