Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যানজট-যন্ত্রণার মুক্তিতে পার্কিং জোন আরামবাগে

যানজট-যন্ত্রণার মুক্তিতে পার্কিং জোন আরামবাগে
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: নিত্যদিন যানজটে হাঁসফাঁস অবস্থা আরামবাগ শহরের। তাই নতুন পার্কিং জোন গড়তে পদক্ষেপ করছে প্রশাসন। আরামবাগ শহরে আরও তিনটি পার্কিং জোন গড়ার পরিকল্পনা করা হয়েছে। এরজন্য মঙ্গলবারই আরামবাগের এসডিও রবি কুমার, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ পুরসভার কর্তারা শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এসডিপিও বলেন, গৌরহাটি মোড় থেকে পল্লিশ্রী পর্যন্ত বিভিন্ন স্পট ঘুরে দেখেছি আমরা। গৌরহাটি মোড় সংলগ্ন একটি ফাঁকা জায়গা দেখেছি। সেখানে আপাতত পুরসভার জঞ্জাল ফেলা হয়। ওই জমিতে পার্কিং জোন করার পরিকল্পনা হয়েছে। এছাড়া বসন্তপুর মোড়ের পার্কিং জোনে বাইক সহ ছোট গাড়ির পার্কিং জোন করার পরিকল্পনা হয়। তার সঙ্গে পল্লিশ্রীতে বড় লরিগুলির পার্কিং করানো যায় কিনা তাও ভাবা হচ্ছে। 
Advertisement
আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, পুরসভার তরফে তিনটি পার্কিং জোন আগে থেকেই করা হয়েছে। তারপরও যান নিয়ন্ত্রণে আরও তিনটি পার্কিং জোনের পরিকল্পনা হয়েছে। সংশ্লিষ্ট জায়গাগুলিতে পার্কিং জোন হলে যানজট অনেকটাই কমবে। তারসঙ্গে অসমাপ্ত টোটো গণনার কাজও দ্রুত শেষ হবে। 
উল্লেখ্য, আরামবাগ শহরে বিভিন্ন সময়ে যানজট লেগেই থাকে। নিত্যদিন টোটোর সংখ্যা বাড়তে থাকায় যানজটও বাড়ছে। যদিও ইতিমধ্যেই পঞ্চায়েত এলাকার টোটো ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন চালকদেরই একাংশ। গৌরহাটি মোড় থেকে আরামবাগ থানা হয়ে বাজার পর্যন্ত রাস্তায় যানজট দেখা যায়। তাছাড়া নেতাজি স্কোয়ার থেকে মেডিক্যাল কলেজ, স্টেশন যাওয়ার রাস্তা, মেডিক্যাল কলেজ থেকে বাসস্ট্যান্ড প্রভৃতি এলাকার রাস্তাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের বিভিন্ন সময়ে এইসব রাস্তায় যানজটে নাকাল হতে হয় বাসিন্দাদের। তাই যানজট নিয়ন্ত্রণে বাসিন্দারা ব্যবস্থা নেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে কোনও ফলপ্রসু সিদ্ধান্ত হয়নি বলে দাবি। প্রশাসনের অবশ্য দাবি, যানজট নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে শহরে নির্দিষ্ট সময়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারসঙ্গে বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিসও মোতায়েন করা হয়েছে। তবে যত্রতত্র বাইক সহ অন্যান্য যানগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ায় জ্যাম হচ্ছে। তা নিয়ন্ত্রণ করতেই পৃথক তিনটি পার্কিং জোন গড়ার পরিকল্পনা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ