নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ও শিক্ষকের বিরুদ্ধে হুগলির মগরা থানায় ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। অভিযোগ, দিনকয়েক আগে রোবোটিক্স ক্লাস চলাকালীন ওই ছাত্রীকে একাধিকবার অশ্লীলভাবে স্পর্শ করেন অভিযুক্ত শিক্ষক। ছাত্রী বাড়িতে গিয়ে তা জানালে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। ওই ছাত্রীর পরিবারের দাবি, কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। এরপর তাঁরা এ নিয়ে মগরা থানায় অভিযোগ দায়ের করেন। মগরা থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্কুলের অধ্যক্ষ বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরেই ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করেছি। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।



