নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যংরায় ১২ বছরের কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর অপরাধে প্রোমোটার সুদর্শন চন্দকে চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। বুধবার শিয়ালদহের বিশেষ পকসো আদালতের বিচারক অনির্বাণ দাস ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দশ মাস অতিরিক্ত হাজতবাসের নির্দেশ দেন। আদালতের মন্তব্য, জরিমানার টাকা আদায় হলে সেই টাকা তুলে দিতে হবে নির্যাতিতাকে। যদিও প্রোমোটারের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা উচ্চ আদালতে যাবেন।
Advertisement
সরকারি কৌঁসুলি অসীম কুমার বলেন, শেষ পর্যন্ত অপরাধী সাজা পেয়েছে, এটাই সন্তোষের বিষয়। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ট্যাংরা থানা এলাকায় একটি প্রোমোটিংয়ের কাজে বাধা সৃষ্টি হয় এক শরিক ঘর ছাড়তে রাজি না হওয়ায়। তখন প্রোমোটার ওই ঘরের বাসিন্দাদের উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। সেই অনুযায়ী তাঁদের ১২ বছরের মেয়ের উপর যৌন নির্যাতন চালায় সে। মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস প্রোমোটারকে গ্রেপ্তার করে।



