নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাম্পাস বা কর্মক্ষেত্রে যৌন হেনস্তার তদন্তকারী ইন্টারনাল কমপ্লেইনস কমিটিতে (আইআইসি) ছাত্র প্রতিনিধি দেওয়ার জন্য মিনি ছাত্র নির্বাচন করতে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ২০২০ সালে শেষ ছাত্র নির্বাচন হয়েছিল যাদবপুরে। তারপরে আর নির্বাচন না-হওয়ায় ছাত্র প্রতিনিধিদের বৈধতা ফুরিয়েছে। একই অবস্থা ফ্যাকাল্টি ভিত্তিক ছাত্র সংসদগুলিরও। সেই কারণে বৈধ আইআইসি গঠনে ছাত্র নির্বাচন জরুরি হয়ে পড়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলে। তাতে ঠিক হয়েছে, আইআইসি’তে ছাত্র প্রতিনিধি আনার জন্য নির্বাচন করা হবে। তার জন্য কবে বৈঠক ডাকা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শীঘ্রই।
Advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যেই যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই অভিযোগের তদন্তের দায়িত্ব দিতে হয় আইসিসিকে। আইসিসির গুরুত্বপূর্ণ অংশ হলেন পড়ুয়ারা। শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মীদের মতো পড়ুয়াদের প্রতিনিধিও থাকেন। এই প্রতিনিধিদের নির্বাচিত হয়ে আসতে হয়। যেহেতু নির্বাচিত ছাত্র সংসদ নেই, তাই আলাদাভাবে নির্বাচন করা হবে। এই কমিটিতে স্নাতক স্তরের তিনজন এবং স্নাতকোত্তর স্তরে তিনজন ছাত্র প্রতিনিধি থাকেন। অর্থাৎ, প্রতি ফ্যাকাল্টি থেকে একজন করে প্রতিনিধি। এই ছ’টি পদের জন্য প্রতিটি সংগঠন ১৮ জনকে মনোনীত করতে পারে। ফলে শতাধিক জন পড়ুয়াকে নিয়ে এই নির্বাচন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



