নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘের টার্গেট ২০৩০ সাল। কিন্তু বিশ্বকে চমকে দিতে নরেন্দ্র মোদির লক্ষ্য চলতি বছর। অর্থাৎ, ২০২৫ সালেই ভারতে নির্মূল হবে যক্ষ্মা বা টিউবারকুলেসিস। সেই লক্ষ্য পূরণে এবার রাজ্যের সংশোধনাগারগুলিতেও যক্ষ্মা রোগ পরীক্ষার (স্ক্রিনিং) সিদ্ধান্ত নিল কেন্দ্র। বেঁধে দেওয়া হল নির্দেশিকা। রাজ্যগুলিকে চিঠি দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টর (প্রিজন রিফর্মস) অরুণ সবতি। যেখানে বলা হয়েছে, ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধনাগারগুলিতে নিতে হবে ‘নিক্ষয়’ শপথ। এরই পাশাপাশি ফেব্রুয়ারির ৩-১৫ তারিখ পর্যন্ত হবে নিক্ষয় শিবির বা স্ক্রিনিং ক্যাম্প। জানা গিয়েছে, দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৪৮ হাজার ৪০৫। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ১ লক্ষ ৫৩৫। গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আগামী ১০০ দিন যক্ষ্মা রোগ নির্মূল সংক্রান্ত সচেতনতার প্রচার বাড়ানো হবে।



