নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: মঙ্গলবার শতাধিক যক্ষ্মা রোগীকে খাদ্য সামগ্রী তুলে দিল চাপড়া থানার পুলিস। উপস্থিত ছিলেন নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস, চাপড়া ব্লকের বিডিও সমীররঞ্জন দাস, ডিএসপি শিল্পী পাল সহ অন্যান্যরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোট ১১২ জন যক্ষ্মা রোগীর এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে থানার তরফ থেকে। উল্লেখ্য, যক্ষ্মা রোগীদের ‘দত্তক’ নেওয়ার কর্মসূচির নাম হল ‘নিক্ষয় মিত্র’। কিন্তু বর্তমানে নদীয়া জেলায় সাধারণ মানুষ রোগীর দায়িত্ব নেওয়ার ব্যাপারে সেভাবে উৎসাহ দেখাচ্ছেন না। ৬ মাস থেকে ৩ বছর সময় পর্যন্ত যে কোনও ব্যক্তি এই কর্মসূচিতে রোগীকে দত্তক নিতে পারেন। কিন্তু সাধারণ মানুষ এগিয়ে না আসায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মহলের। চাপড়া পুলিসের এই উদ্যোগকে সাধারণ মানুষকে এগিয়ে আসতে সাহায্য করবে বলেই মনে করছে স্বাস্থ্যমহল।



