Bartaman Logo
২৭ মে, ২০২৬

যোগী-রাজ্যে শরিক মন্ত্রীর দাবিতে জল্পনা

যোগী-রাজ্যে শরিক মন্ত্রীর দাবিতে জল্পনা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: জোটসঙ্গীদেরও রেয়াত করছে না বিজেপি? তাহলে কি এবার তাদেরও দুর্বল করতে উঠেপড়ে লেগেছে উত্তরপ্রদেশের শাসক দল? সরকারের শরিক আপনা দল (সোনেলাল) নেতা তথা রাজ্যের প্রযুক্তিশিক্ষা মন্ত্রী আশিস প্যাটেলের মন্তব্য এমনই জল্পনা উস্কে দিয়েছে। প্যাটেলের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষকদের বিভাগীয় প্রধান পদে প্রোমোশন দেওয়ার অভিযোগ তুলেছেন স্বয়ং বিজেপি বিধায়ক। ওই অভিযোগ খারিজ করে উল্টে প্যাটেল তাঁকে রাজনৈতিকভাবে খতম করে দেওয়ার ষড়যন্ত্রের দাবি করেছেন। এব্যাপারে তাঁর নিশানা যে বিজেপির রাজ্য নেতৃত্ব, তাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মন্ত্রী। তাঁর সাফ কথা,  ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন বলবেন, সেদিনই মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াব।’ 
Advertisement
সম্প্রতি উত্তরপ্রদেশের প্রযুক্তিশিক্ষা দপ্তরের অধীনস্ত পলিটেকনিক কলেজগুলির ১৭৭ জন লেকচারারকে বিভাগীয় প্রধান পদে উন্নীত করা হয়েছে। এরপরেই পদোন্নতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন পশ্চিম উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক। একই অভিযোগ করেন বিরোধী আপনা দল (কামেরওয়াড়ি) নেত্রী তথা সপা বিধায়ক পল্লবী প্যাটেলও। পল্লবী হলেন অভিযুক্ত মন্ত্রীর স্ত্রী  তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের দিদি। তাঁদের অভিযোগ, চাকরির পরীক্ষার মাধ্যমে বিভাগীয় প্রধান নিয়োগ করলে পশ্চাদপদ ও দলিত প্রার্থীরা সংরক্ষণের সুযোগ পেতেন। কিন্তু সরাসরি পদোন্নতি হওয়ায় ওই গোষ্ঠীগুলিকে বঞ্চনা করা হয়েছে।
যদিও পদোন্নতির মাধ্যমে বিভাগীয় প্রধান নিয়োগে কোনও বেনিয়ম হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। পাল্টা প্যাটেল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক পোস্টে দাবি করেছেন,  ‘আমাকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।’ অন্য একটি পোস্টে মন্ত্রী জানিয়েছেন, তথ্য বিকৃত করা যাবে না। মুখ্যমন্ত্রী চাইলে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন। এরপরেই তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রের পিছনে কে বা কারা রয়েছেন, প্রত্যেকেই জানেন। ভবিষ্যতেও আরও এমন অভিযোগ আসবে। কিন্তু আপনা দল (সোনেলাল) পিছিয়ে পড়া শ্রেণির স্বার্থে কাজ করে যাবে।’ -ফাইল চিত্র
সম্পর্কিত সংবাদ