Bartaman Logo
২৭ মে, ২০২৬

যোগীরাজ্যে গণবিবাহেও দুর্নীতি! নকল গয়না দেওয়ার অভিযোগ

যোগীরাজ্যে গণবিবাহেও দুর্নীতি! নকল গয়না দেওয়ার অভিযোগ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: দুঃস্থ পরিবারগুলির জন্য গণবিবাহ প্রকল্প চালু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেও দুর্নীতি। অভিযোগ, বিয়েতে নববধূদের হাতে তুলে দেওয়া হয়েছে নিম্নমানের উপহার। এখানেই শেষ নয়। তাঁদের মধ্যে নকল গয়নাও বিতরণ করা হয়েছে। সাহায্যের নামে সরকারের এহেন ‘প্রহসনে’ রীতিমতো ক্ষুব্ধ কনেদের পরিবার। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন বস্তির জেলাশাসক রবিশ কুমার গুপ্তা। তড়িঘড়ি পুরো বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।
Advertisement
মঙ্গলবার এক গণবিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই দুর্নীতির বিষয়টি সামনে আসে। এদিন প্রায় ৫৪৩ জনের বিয়ের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, তাঁদের নকল গয়নার পাশাপাশি অতি নিম্নমানের জিনিসপত্র দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে খারাপ প্রেসার কুকার, অত্যন্ত নিম্নমানের লিপস্টিক, আয়না ও শাড়ি। প্রকল্পের জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকা সত্ত্বেও এই ধরনের দুর্নীতি কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু মহাসঙ্ঘ। উল্লেখ্য, উত্তরপ্রদেশে গণবিবাহের ক্ষেত্রে কনেকে আইএসআই চিহ্নিত গয়নার পাশাপাশি যথাযথ মানের সামগ্রী দেওয়ার নিয়ম রয়েছে।
সম্পর্কিত সংবাদ