Bartaman Logo
২৭ মে, ২০২৬

যোগীরাজ্যে চলন্ত ট্রেনে নববধূর শ্লীলতাহানি, মারধর স্বামীকেও

যোগীরাজ্যে চলন্ত ট্রেনে নববধূর শ্লীলতাহানি, মারধর স্বামীকেও
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
আলিগড়: আবারও সেই যোগীরাজ্য। এবার চলন্ত ট্রেনে স্বামীর সামনে শ্লীলতাহানির শিকার নববধূ। তাঁর স্বামীকেও মারধর করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন অন্য যাত্রীরা। গত মঙ্গলবার মধ্যরাতে স্বামীর সঙ্গে দিল্লি থেকে আলিগড়ে শ্বশুড়বাড়িতে যাচ্ছিলেন ২২ বছরের ওই তরুণী। তখন চলন্ত ট্রেনের মধ্যে  তাঁদের ঘিরে ধরে কটূক্তি শুরু করে চার যুবক। অশালীনভাবে মহিলার শরীর স্পর্শ করলে প্রতিবাদ করেন তাঁর স্বামী। তখন তাঁকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরপর রেল পুলিসকে ফোন করার কথা বললে দুষ্কৃতীরা ওই বগি ছেড়ে অন্যত্র চলে যায়। তবে এখানেই শেষ নয়। ওই দম্পতি আলিগড় স্টেশনে নেমেও রেহাই পাননি। সেখানেও তাঁদেরকে হেনস্তা করতে থাকে অভিযুক্তরা। কোনও উপায় না পেয়ে তাঁরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তখন স্টেশনের কিছু যাত্রী সাহায্যের জন্য এগিয়ে আসেন। জিআরপিও ঘটনাস্থলে চলে আসে। অভিযুক্তরা পালিয়ে যায়। নির্যাতিতার অভিযোগ, জিআরপি অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাঁর স্বামীকেই থানায় নিয়ে যায়। পরে অবশ্য চার যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে রেলপুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ