Bartaman Logo
২৭ মে, ২০২৬

যোগীর বুলডোজার গ্যারেজ হয়ে গিয়েছে, কটাক্ষ অখিলেশের

যোগীর বুলডোজার গ্যারেজ হয়ে গিয়েছে, কটাক্ষ অখিলেশের
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজারকে ‘গ্যারেজ’ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুলডোজার মামলার রায় নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানাল উত্তরপ্রদেশের বিরোধী শিবির । বুধবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ‘যোগী আদিত্যনাথ সরকারের প্রতীক হয়ে উঠেছিল বুলডোজার। যে সরকার সাধারণ মানুষের বাড়ি ভাঙে, তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। এবার থেকে গরিবদের বাড়ি ভাঙা বন্ধ হবে। বুলডোজারকে গ্যারেজে পাঠানো গিয়েছে।’ সপার মিডিয়া সেল বলেছে,যোগী সরকারের বুলডোজার দাওয়াই শুধু একজন ব্যক্তিকে নয়, তাঁর পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। 
Advertisement
এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এবার রাজ্যে বুলডোজার ‘সন্ত্রাস’ বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এধরনের নীতি সম্পূর্ণ বেআইনি, অন্যায় এবং অসাংবিধানিক। সরকার মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা করছি।’ প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই বলেন, শীর্ষ আদালতের রায়ে উত্তরপ্রদেশে ‘জঙ্গল রাজ’ বন্ধ হবে। সিপিএম নেত্রী বৃন্দা কারাত বলেন, ‘বুলডোজার অভিযানকে বেআইনি আখ্যা দেওয়ায় আমরা স্বাগত জানাই। তবে এই রায় আগে দেওয়া হলে ডাবল-ইঞ্জিন রাজ্যে বহু নিরীহ মানুষের ঘর-বাড়ি ধ্বংসের হাত থেকে রক্ষা পেত।’ উত্তরপ্রদেশের বিজেপির লিগ্যাল সেলের নেতা প্রশান্ত সিং অটল অবশ্য সাফাই দিয়ে বলেছেন, শুধুমাত্র অবৈধ দখলদারি এবং বেআইনি নির্মাণকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 
সম্পর্কিত সংবাদ