নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপত্র মূল্যায়ন না করেই নম্বর দেওয়া বিতর্কের জেরে ‘তালা’ পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। সোমবার দুপুর ২টো নাগাদ অভিযুক্ত শিক্ষকদের ঘরে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীদের একাংশ। পড়ুয়াদের দাবি, যে দু’জন শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন না করেই নম্বর জমা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে শাস্তি দিতে হবে। যতদিন তা না হবে, ততদিন পর্যন্ত ক্লাস বয়কট চলবে। পড়ুয়ারা তালা ঝোলাতে এলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী। তবে, তাতে কাজ হয়নি। প্রধানের বক্তব্য, ‘অভিযুক্তদের শোকজ করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছে কর্তৃপক্ষ। তাই পড়ুয়াদের বোঝানো হয়েছিল ক্লাস বয়কট না করার জন্য। তাতে তারা কান দেয়নি।’ এদিন রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তর ঘরে অবস্থান করেন পড়ুয়ারা। দাবি উঠতে থাকে দ্রুত শাস্তি কার্যকর করার জন্য। এ বিষয়ে ভাস্করবাবুর কোনও মতামত মেলেনি। বহু পরীক্ষায় খাতা না দেখেই উত্তর জমা দিয়ে ফলপ্রকাশের অভিযোগ উঠেছে দু’জন অধ্যাপকের বিরুদ্ধে। শুধু ইন্টারনাল পরীক্ষা নয়, সেমেস্টার পরীক্ষার খাতাতেও রয়েছে অনেক অসঙ্গতি। চাপে পড়ে দু’জনকে শোকজ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রিপোর্ট পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরেও। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) নীরবতায় অসন্তুষ্ট সাধারণ পড়ুয়ারা।



