Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: রাস্তার ধারে যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনার দু’দিন পর পুলিসের দ্বারস্থ হল পরিবার। প্রেমিক সহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে শনিবার চাঁচল থানায় অভিযোগ করেছেন মৃতার বাবা নুরুল হক। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারোগাছিয়ার ফাইজুল রেজার বাইকে চেপে চাঁচলের দিকে আসছিলেন নয়াটোলার নিশাত ফাতমা (২৪)। বুধবার সন্ধ্যায় চাঁচল-আশাপুর রাজ্য সড়কের দোসরকি এলাকায় জখম অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবক-যুবতীকে। তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে যুবতীর মৃত্যু হয়। মৃতার পরিবারের দাবি, ফাইজুলের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্ক প্রায় দুই বছরের। তাঁরা চুপিসারে রেজিস্ট্রি করে নেন। সেই বিয়ের কথা সম্প্রতি জানাজানি হয়। এর মাঝে যুবক নিশাতের বাড়িতে আসা যাওয়া করত বলে দাবি। ফাইজুলকে সামাজিক মতে বিয়ে করে ঘরে তোলার চাপ দিচ্ছিলেন নিশাত। কিন্তু ছেলে টালবাহানা করছিল। সামাজিক বিয়ের জন্য নিজের পরিবারের সঙ্গে দেখা করাতে সেদিন নিশাতকে বাড়ি থেকে নিয়ে যায় ফাইজুল। মৃতার বাবা নুরুল হকের দাবি, আমার একমাত্র মেয়ে। দিনমজুরি করে সংসার চলে। ওই যুবক হয়তো ভাবত একমাত্র মেয়ের বাবার সম্পত্তি অনেক। কিন্তু আমার আর্থিক দুর্বলতার কথা জানতে পেরে সামাজিক মতে বিয়ে না করার জন্যই মেয়েকে পরিকল্পনা করে খুন করেছে।
এদিন ফাইজুলের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তিনি অসুস্থ বলে পরিবার জানিয়েছে। তাঁর দাদা পারোয়ানা রাজের কথায়, ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয়েছে, সেটা দুর্ঘটনার দিনই জানতে পারি। এটা পথ দুর্ঘটনা সবাই জানে। আমার ভাই অসুস্থ। ষড়যন্ত্র করে এখন খুনের অভিযোগ আনা হচ্ছে।
চাঁচল থানার এক আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ