সংবাদদাতা, কাঁথি: যুবতীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় দত্ত। তার বাড়ি দক্ষিণ ২৪পরগনার মহেশতলা থানার সন্তোষপুর কলোনি এলাকায়। মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, বারাকপুর এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্তের। ওই যুবতীর অভিযোগ, সঞ্জয় তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। দীঘায় নিয়ে এসে একদিন হোটেলে ছিল। এখানেও শারীরিক সম্পর্ক করে। পরে তিনি সঞ্জয়কে বিয়ের কথা বলেন। সে তা অস্বীকার করে। এড়িয়ে যেতে থাকে। প্রতারণার শিকার হয়েছেন বুঝে তিনি সেখানকার থানায় অভিযোগ দায়ের করেন। তবে ফেরার ছিল ওই যুবক। পরে স্থানীয় থানা থেকে মামলাটি দীঘা থানায় পাঠানো হয়। দীঘা থানার পুলিস এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা রুজু করা হয়। সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।



