Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবকের রহস্যমৃত্যু, ধৃত ‘বন্ধু’ ,  সমকামী সম্পর্কের জেরেই কি খুন, প্রশ্ন

যুবকের রহস্যমৃত্যু, ধৃত ‘বন্ধু’ ,  সমকামী সম্পর্কের জেরেই কি খুন, প্রশ্ন
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পাণ্ডুয়ায়। এই ঘটনায় সমকামী সম্পর্কের টানাপোড়েনের কথা উঠে এসেছে। সম্ভবত ওই সম্পর্কের বিড়ম্বনা এড়াতেই খুনের ঘটনা ঘটেছে। মৃতের নাম প্রীতম দাস (২০)। ইতিমধ্যেই মৃতের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে একজনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রীতমের। তিনি আদতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা হলেও বছর খানেক হল মা, বোন ও দিদিকে নিয়ে পাণ্ডুয়ার রওচাপাড়ায় মামাবাড়িতে থাকতেন। বুধবার পাণ্ডুয়া ও খন্যান স্টেশনের মাঝে রেললাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের দিদি প্রিয়াঙ্কা দাস, প্রীতমের ‘বন্ধু’ অভি ঘোষের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। তারপর ভিন্ন রকমের প্রেমের সম্পর্কের কথা উঠে আসে।
Advertisement
পাণ্ডুয়া থানার পুলিস জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভি ঘোষ ও তার বন্ধু কুশল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনেই পাণ্ডুয়ার বাসিন্দা। ঘটনার তদন্ত চলছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিস। এদিনই প্রীতমের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ধৃত দুই যুবকের পরিবারের দাবি, অভি ও কুশল নির্দোষ। মৃতের মাসি রিয়া কুণ্ডু বলেন, অভি ও প্রীতমের সম্পর্ক ছিল গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের মতো। দু’জনে দীর্ঘসময় ভিডিও কলে কথা বলত। তারা দিনে ও রাতে অনেকটা সময় একসঙ্গে কাটাত। এই ঘনিষ্ঠতা তৈরি হয়েছে গত এক বছর আগে। প্রীতম সব সময় অভির উপর নজরদারি চালাত। এমনকী, মোবাইল ফোন খুলে তত্ত্বতালাশ করত। এসব নিয়েই হয়তো সমস্যা তৈরি হয়েছিল। প্রীতমের স্বভাব ছিল অনেকটা মেয়েদের মতো। সেকারণে হয়তো অভিকে নানা প্রশ্নের মুখে পড়তে হতো। সেসব কারণেই হয়তো ওকে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে ব্যান্ডেল জিআরপি অবশ্য কোনও মন্তব্য করতে চায়নি। জিআরপির এক কর্তা বলেন, আমরা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছি। বাকি বিষয় পুলিস দেখছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রীতম বিভিন্ন জায়গায় নাচের অনুষ্ঠান করতেন। মামাবাড়ির পাড়ায় তিনি ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। তবে তাঁর স্বভাব, কথাবার্তা ছিল মেয়েদের মতো। এক বছর আগে স্থানীয় যুবক অভির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। অভি ডিজে বাজানোর কাজ করেন। গত ১১ ফেব্রুয়ারি রাতে প্রীতম ও অভি একটি গানের অনুষ্ঠানের জন্য মহানাদে গিয়েছিলেন। রাতে বাড়িতে দিদিকে ফোন করে বলেছিলেন, ফিরতে দেরি হবে। অভিযোগ, গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় কল করা হলে প্রীতম ও অভির ফোন সুইচড অফ পাওয়া যায়। পরেরদিন সকালে প্রীতমের বাড়ির লোকজন অভির বাড়ি গিয়েছিলেন। কিন্তু তিনি প্রীতমের নিখোঁজ হওয়া নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। দুপুরে রেললাইনের ধার থেকে ওই যুবকের মৃতদেহ মেলে। তারপর পরিবার খুনের অভিযোগ দায়ের করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ