সংবাদদাতা, বর্ধমান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম কানাই দাস। তার বাড়ি উত্তর ২৪ পরগনার নিমতা থানার নবনগর চালকলতলা হাসপাতাল রোডে। গত ১১ জানুয়ারি তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে তিনি মারা যান। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। নিয়ম মেনে মৃত্যুর কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস। বন্দি মৃত্যু নিয়ে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিচারবিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম চন্দা হাসমত। ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে শিয়ালদহ জিআরপি থানার একটি খুনের মামলায় তার যাবজ্জীবন হয়। সংশোধনাগারে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছে বর্ধমান সংশোধনাগার কর্তৃপক্ষ।



