Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মাঝমাঠের দখল নিতে মরিয়া ইয়ামাল-রড্রিরা, টানা তিনবার ফাইনালে চোখ ফ্রান্সের

বিশ্বকাপ সেমি-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন। এমবাপের নেতৃত্বে ফাইনালে উঠার জন্য মরিয়া দেশঁর দল। বিস্তারিত পড়ুন।

মাঝমাঠের দখল নিতে মরিয়া ইয়ামাল-রড্রিরা, টানা তিনবার ফাইনালে চোখ ফ্রান্সের
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডালাস: ১২ জুলাই ১৯৯৮। আইফেল টাওয়ারের শহরে জিনেদিন জিদানই জাদুকর ম্যানড্রেক। স্তেদ দ্য ফ্রঁসেতে সম্মোহিত ব্রাজিল। দিদিয়ের দেশঁর হাতে কাপ ওঠার মাস পাঁচেক পর কিলিয়ান এমবাপের জন্ম। এরপর শ্যেন নদীর স্রোতে অনেক নুড়ি, পাথর বয়ে গিয়েছে। জিদান, জোরকায়েফ, থুরামদের ব্যাটন এখন এমবাপের হাতে। তাঁকে সামনে রেখেই দুর্জয় দেশঁ ব্রিগেড তৃতীয়বার কাপ জয়ে মরিয়া। মঙ্গলবার চলতি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে এমবাপেদের প্রতিপক্ষ স্পেন। জিতলে, টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার ছাড়পত্র পাবে দেশঁর দল। সোনায় মোড়ানো কেরিয়ার ভদ্রলোকের। ফুটবলার হিসাবে দেশকে বিশ্বকাপ দিয়েছেন। তাঁর কোচিংয়েই আট বছর আগে এমবাপেদের বিশ্বজয়। মারিও জাগালো ও বেকেনবাওয়ারের সঙ্গে একই ব্র্যাকেটে রয়েছে দেশঁর নাম। এবারও কাপ জিতলে লুভঁর মিউজিয়ামে দেশঁর মূর্তি রাখা উচিত। কিন্তু ফাইনাল ও ফ্রান্সের মধ্যে কাঁটার খচখচানি নিয়েই হাজির স্পেন। ইয়ামাল, পেড্রি, রড্রি— বারুদে ঠাসা স্প্যানিশ আর্মাডা চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। এমবাপে বনাম ইয়ামাল। স্টার ওয়ারের অপেক্ষায় ডালাস।

Advertisement

চলতি বিশ্বকাপে ফ্রান্সের ১৬ গোলের মধ্যে ৮টিই এমবাপের। ৪-২-৩-১ ফর্মেশনের আসল শক্তি মিডফিল্ড। গতিশীল ডুয়ে ও ডেম্বেলের সঙ্গী স্কিলফুল ওলিসে। ফরাসি সুগন্ধীর মতোই মন কাড়ে দেশঁর মাঝমাঠ। ৩-৪ টে পাসে ফরাসি মিসাইল আছড়ে পড়ছে বিপক্ষের গোলমুখে। কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত বিপক্ষ গোলে ১১০ টি শট নিয়েছে ফ্রান্স! আক্রমণের তোড় সামলাতে প্রতিপক্ষ নাজেহাল। বলের জোগান নিয়ে এমবাপের ভাবনা নেই। ফরাসি তারকা সত্যিকারের পাওয়ার হাউস। সামনের দিকে দ্রুত ড্রিবল করে বুলডোজের ক্ষমতায় কিলিয়ান আরও ভয়ঙ্কর। মরক্কোর বিরুদ্ধে রুমালের মতো এক চিলতে জায়গা পেয়েছিলেন। তাতেই বাজিমাত। হালকা ইনস্যুইং মেশানো শট গোলকিপার বোঝার আগেই জালে! এই কিলিং কিলিয়ানকে থামানোই লা রোহা রক্ষণের সবচেয়ে বড় পরীক্ষা। বেস ক্যাম্পে প্রস্তুতিতে তুলির টান দিয়ে ডালাসে হাজির ফ্রান্স। তবে প্র্যাকটিসে অনুপস্থিত সালিবা। যদিও স্পেনের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে টিম ম্যানেজমেন্ট আশাবাদী।
লা মাসিয়ায় লায়োনেল মেসির আঁতুড়ঘরেই লামিনে ইয়ামালের উত্থান। ইনিয়েস্তা, জাভিদের তিকি-তাকা সাম্রাজ্যে তিনিই ভিআইপি। তবে শেষ ম্যাচে তরুণ উইঙ্গারকে তেমন খাপ খুলতে দেয়নি বেলজিয়াম রক্ষণ। উইং ব্যাক লুকাস ডিগনের মস্তিষ্কেও নিশ্চয়ই ফরমুলা ভরতি চিপ ভরে দিয়েছেন ফরাসি কোচ। ইয়ামালের কাজ মোটেও সোজা নয়। ফ্রান্সের মতো স্পেনেরও মাঝমাঠ ঝলমলে। তবে দেশঁর হাতে এমবাপে আছেন। এখানেই পিছিয়ে স্পেন। প্রথম ছ’টি ম্যাচে ৪০৭৫টি পাস খেলে গোলের সংখ্যা ১১। দরকার আরও বেশি লক্ষ্যভেদ। মিকেল ওয়ারজাবাল  উচ্চ-মধ্যবিত্ত। বরং সুপার সাব মিকেল মেরিনো সারপ্রাইজ প্যাকেজ। পেড্রি, রড্রি, ওলমোরা কীভাবে মাঝমাঠে টেক্কা দেন তার উপর অনেককিছু নির্ভরশীল। নিকো উইলিয়ামসকে পরিবর্ত হিসাবেই দেখা যেতে পারে।
হাই-ভোল্টেজ ম্যাচে পরিচালনার দায়িত্বে রেফারি ইভান বারটন। এল সালভাদরের রেফারি ইতিমধ্যেই রেকর্ড বুকে নাম তুলেছেন। তুরস্ক বনাম প্যারাগুয়ে ম্যাচে বেশ বিতর্কও হয়। জার্সিতে মুখ ঢেকে শব্দ ছোড়ার অপরাধে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিগুয়েল। নতুন নিয়মে মিগুয়েলের সঙ্গেই রেফারিকে নিয়েও চর্চা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ