নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে ১০ কিলো সিলিন্ডারের সংযোগ দেওয়া শুরু করল ইন্ডিয়ান অয়েল। তারা দাবি করেছে, গ্রাহক আবেদনের তিন ঘণ্টার মধ্যে নতুন গ্যাস সংযোগ পাবেন। পুনে, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর, কোয়েম্বাত্তুরের পর কলকাতায় এই পরিষেবা চালু হল। তেল সংস্থার কর্তারা দাবি করেছেন, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে আরও ২৫টি শহরে চালু হবে এই পরিষেবা। অক্টোবরের মধ্যে দেশের বেশিরভাগ শহরেই পরিষেবাটি মিলবে, দাবি তাঁদের। নয়া পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘এক্সট্রা লাইট নাউ’। প্রসঙ্গত, যুদ্ধের আবহে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৪.২ কেজি সিলিন্ডারের নয়া সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। যাঁরা নতুন সংযোগ চান, তাঁরা এই পরিষেবা নিতে পারেন। তবে সিলিন্ডার পিছু দাম চোকাতে হবে ১ হাজার ৬১৮ টাকা।



