সংবাদদাতা, উলুবেড়িয়া: তোলাবাজি, দাদাগিরি, দুর্নীতি সহ একাধিক অভিযোগে শুক্রবার সকালে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। পরে বাগনান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-নেত্রীদের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। দিনকয়েক আগে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর অঞ্চলের প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার তারই পুনরাবৃত্তি হল বাগনানে।
শুক্রবার শতাধিক মহিলা হাতে বিধায়কের ছবি ও ঝাঁটা নিয়ে মিছিল করে অরুণাভর বাড়ির দিকে এগতে থাকে। যদিও বিধায়কের বাড়ির অদূরে পুলিশ তাদের আটকে দেয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তাঁরা ‘চোর চোর’ স্লোগান দেন। এমনকি, বিধায়কের ছবি রাস্তায় ফেলে তাতে লাথি ও ঝাঁটা দিয়ে মারতেও দেখা যায় কয়েকজন মহিলাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়ক অরুণাভ সেন ও তাঁর অনুগামীরা ক্ষমতার অপব্যবহার করে এলাকায় তোলাবাজি, দাদাগিরি করেছেন। বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত বিধায়ক ও তাঁর অনুগতরা। বিভিন্ন সময়ে তাঁদের অত্যাচারে ঘরছাড়া ছিলেন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাঁরা অনেকেই বাড়ি ফিরেছেন। বিক্ষোভকারীরা বিধায়ক ও তাঁর অনুগামীদের শাস্তির দাবিতে স্লোগান দেন। এ নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা বলেন, দীর্ঘদিন ধরেই বাগনানের বিধায়ক অরুণাভ সেনের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছিলেন। এখন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। নিজস্ব চিত্র