সংবাদদাতা, শীতলকুচি: বাইরে থেকে হাকডাক করলেও কোনওরকম সাড়া মিলছিল না। পরে পুলিস এসে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শীতলকুচিতে। পুলিস জানিয়েছে, মৃর মহিলার নাম সিউটি খাতুন (৪২)। কয়েক বছর আগে তাঁর স্বামী অন্যত্র বিয়ে করেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে ভিনরাজ্যে কাজ করেন। সেজন্য মহিলা বাড়িতে একাই থাকতেন। এদিন সকাল থেকে বাড়িতে লোকজন এসে ডাকাডাকি করলেও তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিসে খবর দেন। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির মূল গেট ভিতর থেকে তালাবন্ধ থাকায় বাড়ির পিছনের দিকের গেট দিয়ে বাড়ির ভিতরে ঢোগক পুলিস। ঘরের মেঝেতে মহিলা অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সমরেন হালদার, সার্কেল ইন্সপেক্টর অজয় কুমার মণ্ডল, ওসি অ্যান্থনি হোড়ো সহ অন্যান্য পুলিস আধিকারিকরা।



