Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি বিক্রিতে ‘বাধা’ প্রভাবশালীদের, নিরাপত্তা চেয়ে পুলিসের দ্বারস্থ মহিলা

বাড়ি বিক্রিতে ‘বাধা’ প্রভাবশালীদের, নিরাপত্তা চেয়ে পুলিসের দ্বারস্থ মহিলা
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: স্থানীয় প্রভাবশালীদের জন্য নিজের বাড়ি বিক্রি করতে পারছেন না, এমন অভিযোগ নিয়ে রীনা গোস্বামী নামে এক মহিলা সোমবার ময়নাগুড়ি থানার দারস্থ হন। পুলিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিস। শহরের বুকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

স্বামী ও সন্তানহারা এই মহিলা ময়নাগুড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডে থাকেন।  সুভাষনগরের এই বাসিন্দার স্বামী ২০০৩ সালে মারা যান। ২০১২ সালে মৃত্যু হয় তাঁর ছেলের। তারপর থেকে ওই বাড়িতে একাই থাকেন রীনা। এবার ভাবছেন, সেই বাড়ি বিক্রি করে শিলিগুড়িতে বোনের বাড়িতে চলে যাবেন। মহিলা এদিন অভিযোগে জানান, এলাকার প্রভাবশালী এবং আরও বেশ কয়েকজনের অসৎ উদ্দেশ্যের কারণে তিনি বাড়ি বিক্রি করতে পারছেন না। বাড়ি কিনতে লোকজন এলে তাদের মিথ্যে বলে পাড়া থেকে ফিরিয়ে দিচ্ছে প্রভাবশালীরা। এতে সমস্যায় পড়েছেন রীনাদেবী। আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাঁর।
রীনা বলেন, আমার বাড়ি দখলের চেষ্টা চলছে। এতে আমার এলাকার বেশ কয়েকজন জড়িত রয়েছে। যে করেই হোক, আমাকে বাড়ি বিক্রি করতে দেওয়া হচ্ছে না। আমার ছেলে শ্বাসকষ্টে মারা গিয়েছে। অথচ ক্রেতা এলে জানিয়ে দেওয়া হচ্ছে, সে এই ঘরে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। আমার বাড়ি যেন কেনা না হয়, ওরা লাগাতার সেই চেষ্টা করছে। এতে প্রভাবশালী থেকে শুরু করে আরও লোকজন রয়েছে। সে কারণেই পুলিসে নালিশ জানিয়েছি।  
ওয়ার্ডের কাউন্সিলার রীনা বিশ্বাস বলেন, ওঁর অভিযোগ ভিত্তিহীন। একটি বাড়ি কেনার সময় অনেকেই রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা দেখেন। আমি পঞ্চায়েত সদস্য থাকাকালীন নিকাশি ব্যবস্থার কাজ করতে গিয়েছিলাম। তিনি করতে দেননি। এছাড়াও আমাদের 
এলাকায় এমন কেউ নেই, যে তার জমি বা বাড়ি দখল করার চেষ্টা করবে। তিনি তাঁর সমস্যা আমাকে জানাননি।
পুলিস জানিয়েছে, কারা এমন করছে তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ