Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজ্ঞানে স্নাতক হয়েও চাকরি মেলেনি, নলহাটিতে আত্মঘাতী রাজমিস্ত্রি

বিজ্ঞান বিভাগে স্নাতক হয়েও সরকারি চাকরি মেলেনি। রোজগার করতে বেছে নিতে হয়েছে রাজমিস্ত্রির পেশা।

বিজ্ঞানে স্নাতক হয়েও চাকরি মেলেনি, নলহাটিতে আত্মঘাতী রাজমিস্ত্রি
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বিজ্ঞান বিভাগে স্নাতক হয়েও সরকারি চাকরি মেলেনি। রোজগার করতে বেছে নিতে হয়েছে রাজমিস্ত্রির পেশা। সংসারে অভাব-অনটন, তার উপর একের পর এক মানসিক চাপ। জীবনসংগ্রাম চালাতে চালাতে অবশেষে হার মানলেন নলহাটির কুরুমগ্রামের বাসিন্দা তরুণকুমার মণ্ডল(৪৮)। তাঁর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারের পর পরিবারে কান্নার রোল পড়েছে। মেয়েদের নিয়ে অথৈ জলে পড়েছেন স্ত্রী। একজন উচ্চশিক্ষিত ব্যক্তির এমন পরিণতিতে এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

তরুণবাবুর ভাই সুমন্ত মণ্ডল বলেন, আমার দাদা খুবই মেধাবী ছিলেন। ১৯৯৪সালে মাধ্যমিকে অংকে ৯০ পেয়ে প্রথম বিভাগে পাশ করেছিলেন। বিএসসি পাশ করার পর অনেক চেষ্টা করেও সরকারি চাকরি পাননি। সেকারণে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতেন। কিন্তু দিন দিন সংসার খরচ বাড়ছে। সেকারণে পরিবারের মুখ চেয়ে বাধ্য হয়ে রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছিলেন। সম্প্রতি দাদা অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু তারপর এমন ঘটনা ঘটবে, তা আমরা ভাবতেও পারিনি।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তরুণবাবুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সারাদিন খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। অবশেষে রাত সাড়ে ৯টা নাগাদ গ্রামের বাইরে একটি গাছ থেকে তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সুমন্তবাবু বলেন, সংসারের নিত্যদিনের টানাপোড়েন আর নিজের চিকিৎসার খরচ চালানো নিয়ে দাদা মারাত্মক চিন্তায় ছিলেন। তার জেরে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। তার জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ