Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিজাত আবাসনের ২১ তলা থেকে পড়ে গিয়ে মহিলার মৃত্যু

বেলেঘাটা এলাকার এক অভিজাত আবাসনের ২১ তলা থেকে পড়ে মৃত্যু হল ফরিদা আলির। দুর্ঘটনার কারণ তদন্ত করছে নারকেলডাঙা থানার পুলিশ। বিস্তারিত পড়ুন।

অভিজাত আবাসনের ২১ তলা থেকে পড়ে গিয়ে মহিলার মৃত্যু
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক অভিজাত বহুতলের একুশ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম ফরিদা আলি আসগর (৫৮)। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলেঘাটা মেন রোডের ওই অভিজাত আবাসনে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় নারকেলডাঙা থানার পুলিশ।

Advertisement

প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানতে পারে, সকাল পৌঁনে ৯টা নাগাদ স্নান সেরে একুশ তলার ব্যালকনিতে ভিজে কাপড় মেলতে গিয়েছিলেন ফরিদা আলি। সেই সময় আচমকা তিনি নীচে পড়ে যান। আবাসনের নিরাপত্তারক্ষীদের পাশাপাশি আবাসিকরা পুলিশকে জানিয়েছেন, ভারী কিছু পড়ার শব্দ শুনে তাঁরা ছুটে গিয়ে দেখেন, গোটা চাতাল রক্তে ভেসে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ফরিদা আলি। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশের অনুমান, সম্ভবত দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার। কীভাবে দুর্ঘটনা? পুলিশের এক সূত্র জানাচ্ছে, ব্যালকনিতে ঝুঁকে ভিজে কাপড় মেলতে গিয়েছিলেন তিনি। সেই সময় টাল সামলাতে না পেরে নীচে পড়ে যান ফরিদা। এই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ফরিদা আলির উচ্চতাজনিত আতঙ্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ, বুধবার ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। আপাতত সব দিক খোলা রেখেই তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ